• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

১ জানুয়ারি চন্দ্রগঞ্জ ক্লাবের যাত্রা শুরু, চলছে সদস্য সংগ্রহ

প্রকাশিত: ১৬:৪৪, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
১ জানুয়ারি চন্দ্রগঞ্জ ক্লাবের যাত্রা শুরু, চলছে সদস্য সংগ্রহ

চন্দ্রগঞ্জ ক্লাব লিমিটেডের আনুষ্ঠানিক অভিষেক ও আত্মপ্রকাশ অনুষ্ঠান আগামী ১ জানুয়ারি ২০২৭ রাজধানীর বিজয়নগরের হোটেল ৭১-এ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

শনিবার রাজধানীর মিরপুরে ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সামছুল ইসলাম এ তথ্য জানান।

চন্দ্রগঞ্জ ক্লাব লিমিটেডের আজীবন সদস্য সংগ্রহ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রথম ১০০ জন সদস্য বিশেষ ছাড়ে আজীবন সদস্য হওয়ার সুযোগ পাবেন। এই সংখ্যা পূর্ণ হলে পরবর্তী সদস্যদের দ্বিগুণ ফি দিয়ে সদস্য হতে হবে।

আগামী ২০ ডিসেম্বরের মধ্যে আজীবন সদস্য হওয়ার আবেদনকারীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। বৃহত্তর নোয়াখালী অঞ্চলের অন্তর্ভুক্ত ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দারা ক্লাবের সদস্য হতে পারবেন।

বর্তমানে ক্লাবটি সাধারণ, আজীবন ও দাতা—এই তিন ধরনের সদস্যপদ দিচ্ছে। সদস্যদের মধ্য থেকে পরবর্তী সময়ে ক্লাবের উপদেষ্টা পরিষদ গঠন করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে আজীবন সদস্য হওয়া ব্যক্তিদের অভিষেক অনুষ্ঠানে সদস্যপদের সনদ ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হবে। আগামী ১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানটি শুরু হবে।

সাধারণ সভায় ক্লাবের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও দিহান শাহ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক ও শামস আবাসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামছুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি ও এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল খালেক উপস্থিত ছিলেন।

এ ছাড়া সহ-সভাপতি মোহাম্মদ আক্তার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, অর্থ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, নির্বাহী সদস্য অ্যাডভোকেট হোসেন আহম্মদ খান এবং সদস্য খোরশেদ আলম সভায় উপস্থিত ছিলেন।

ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ আগ্রহী ব্যক্তিদের আজীবন সদস্য হয়ে ক্লাবের কার্যক্রম ও অগ্রযাত্রায় অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন।

সাধারণ সম্পাদক সামছুল ইসলাম বলেন, “সামাজিক কার্যক্রমের পাশাপাশি আমরা একটি লাভজনক প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যাতে প্রতিষ্ঠানের আয় দিয়ে ভবিষ্যতে ক্লাবের ব্যয় বহন করা সম্ভব হয়।”

আগ্রহীরা সদস্য ফরম সংগ্রহ ও বিস্তারিত জানতে ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সামছুল ইসলাম এবং অর্থ সম্পাদক জামাল হোসেনের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত