• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস আজ

প্রকাশিত: ১৪:২৭, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস আজ

প্রতিকী ছবি

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা ও উদ্যোক্তা হিসেবে তাদের এগিয়ে যাওয়ার স্বীকৃতি দিতে আজ (১৯ নভেম্বর) পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। বিশ্বজুড়ে নারী উদ্যোক্তাদের সাফল্য, সম্ভাবনা ও অবদান তুলে ধরার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ জোগানোই দিবসটির অন্যতম উদ্দেশ্য।

প্রতি বছর ১৯ নভেম্বর আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস পালন করা হয়। ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং উদ্যোক্তা হিসেবে তাদের সামনে থাকা প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে সচেতনতা তৈরিতে দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে নারীরা ক্ষুদ্র ও মাঝারি শিল্প, প্রযুক্তি, কৃষি, পোশাক, খাদ্য, স্বাস্থ্যসেবা, ই-কমার্সসহ নানা খাতে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। নিজেদের উদ্ভাবনী চিন্তা, পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে তারা কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে অবদান রাখছেন।

বাংলাদেশেও নারী উদ্যোক্তার সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশেষ করে অনলাইনভিত্তিক ব্যবসা, হস্তশিল্প, পোশাক, ঘরে তৈরি খাবার ও সৌন্দর্যসেবার মতো খাতে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেক নারী ঘরে বসেই ব্যবসা পরিচালনা করছেন। এর মাধ্যমে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগও তৈরি করছেন।

তবে নারী উদ্যোক্তাদের সামনে এখনো পুঁজি সংকট, সহজ শর্তে ঋণপ্রাপ্তি, প্রশিক্ষণের অভাব, বাজার সম্প্রসারণ এবং সামাজিক প্রতিবন্ধকতার মতো চ্যালেঞ্জ রয়েছে। এসব বাধা দূর করতে প্রয়োজন সরকারি-বেসরকারি উদ্যোগ, আর্থিক সহায়তা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং পণ্যের বাজারজাতকরণের সুযোগ বৃদ্ধি।

বিশেষজ্ঞদের মতে, নারীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ বাড়ানো গেলে তা শুধু নারীর ক্ষমতায়নই নয়, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিবসটি নারী উদ্যোক্তাদের সম্ভাবনা ও অবদানকে নতুন করে সামনে আনার পাশাপাশি তাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।

বিভি/অনলাইন/পিএইচ

মন্তব্য করুন: