সৌদির ২ বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩, আহত ৩৬
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গল ও বুধবার দুই দিনের হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে, হুথিদের ব্যালিস্টিক মিসাইল মজুত কেন্দ্র ও অস্ত্রাগারসহ ৮২টি লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি করেছে সৌদি সমর্থিত জোট।
সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছে অন্তত ২৮ জন। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ব্যক্তি সুদানের নাগরিক। আহত আট জনের মধ্যে পাঁচ জনই সৌদি আরবের নাগরিক। কোন বিমানবন্দরে কখন হামলা হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।
এই হামলার জবাবে, ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এখন পর্যন্ত ব্যালিস্টিক মিসাইল মজুত কেন্দ্র ও অস্ত্রাগারসহ ৮২টি হুথি লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি করেছে তারা। আর, স্থল অভিযান ডন অফ ইয়েমেনের অংশ হিসেবে পশ্চিম তাইজের উপকূলীয় পার্বত্য অঞ্চলে অগ্রগতির দাবি করেছে সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনী।
বিভি/এসজি













মন্তব্য করুন: