• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ঢাকাসহ দেশের ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে তাপমাত্রা

প্রকাশিত: ০৯:০৮, ১০ অক্টোবর ২০২৬

আপডেট: ০৯:১৩, ১০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ঢাকাসহ দেশের ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে তাপমাত্রা

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকাসহ দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। 

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। আগামী ১৩ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটি ও কুতুবদিয়ায় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিভি/এসজি

মন্তব্য করুন: