পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২.৪ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
উত্তরের হিমালয়ঘেঁষা জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। দিন যত গড়াচ্ছে, ততই কমছে তাপমাত্রা। বিশেষ করে রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে শীতের তীব্রতা। ভোরে ঘাসের ওপর জমছে শিশির, বইছে উত্তরের হিমেল বাতাস। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর থেকেই বাড়ছে ঠান্ডার অনুভূতি। তাপমাত্রার নিম্নমুখী প্রবণতায় আগাম শীতের প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। আলমারি থেকে বের করা হচ্ছে সোয়েটার, জ্যাকেট, চাদরসহ শীতের প্রয়োজনীয় পোশাক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের উল্লেখযোগ্য সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। এর আগের দিন বুধবার সকালে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা কমার প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। সকালে কর্মস্থল ও জীবিকার তাগিদে বাইরে বের হওয়া মানুষকে গরম কাপড় ব্যবহার করতে দেখা যাচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালক, ভ্যানচালক, কৃষক ও দিনমজুরদের ভোরের ঠান্ডা বাতাসের মধ্যেই কাজে বের হতে হচ্ছে। দিনের বেলায় রোদের কারণে কিছুটা স্বস্তি মিললেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। রাত ও ভোরে ঠান্ডার প্রভাব বেশি থাকায় অনেকেই আগেভাগে শীতের পোশাক ব্যবহার শুরু করেছেন।
স্থানীয় বাসিন্দা হাবিব বলেন, কয়েক দিন আগেও সকাল ও রাতে তেমন ঠান্ডা অনুভূত হতো না। কিন্তু গত কয়েক দিন ধরে তাপমাত্রা কমতে শুরু করেছে। সকালে ঘর থেকে বের হলেই ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে। রাত ও ভোরে গরম কাপড় ব্যবহার করতে হচ্ছে। সামনের দিনগুলোতে শীত আরও বাড়তে পারে বলে মনে হচ্ছে।
আরেক বাসিন্দা একরামুল হক বলেন, পঞ্চগড়ে প্রতিবছরই শীতের প্রভাব আগে থেকে শুরু হয়। এবারও তার ব্যতিক্রম নয়। সকালে ও সন্ধ্যার পর ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। পরিবারের শিশু ও বয়স্কদের কথা বিবেচনা করে শীতের পোশাক বের করা হয়েছে। তাপমাত্রা আরও কমলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে।
এদিকে শীতের আগমনে গরম কাপড় ব্যবহারের পাশাপাশি বাজারেও শীতের পোশাক কেনার প্রস্তুতি দেখা যাচ্ছে। অনেকে পুরোনো সোয়েটার, জ্যাকেট, চাদর ও কম্বল বের করছেন। শীতের পোশাকের দোকানগুলোতেও ক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু করেছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের মধ্যে শীত মোকাবিলার প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত অসুস্থতা থেকে সুরক্ষায় বাড়তি সতর্কতা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলছেন সচেতন ব্যক্তিরা।
আবহাওয়াবিদদের মতে, ঋতু পরিবর্তনের এ সময়ে উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। দিনের সর্বোচ্চ ও রাতের সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান থাকায় দিনের বেলায় তুলনামূলক উষ্ণ আবহাওয়া বিরাজ করলেও ভোর ও রাতে শীত বেশি অনুভূত হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে। নভেম্বরের শেষ দিকে তাপমাত্রা আরও ওঠানামা করতে পারে। আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী সময়ে শীতের প্রকোপ বাড়তে পারে।
বিভি/পঞ্চগড়/পিএইচ













মন্তব্য করুন: