ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাগেরহাটের উপকূলে বৃষ্টি
প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বাগেরহাটের উপকূলজুড়ে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত থেকে বৃষ্টি শুরু হলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের গতি খুব বেশি না বাড়লেও জোয়ারের কারণে নদ-নদীর পানির উচ্চতা বেড়েছে। এদিকে বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।
ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর পরিপ্রেক্ষিতে মোংলা সমুদ্রবন্দরেও ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে।
মোংলা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. হারুন উর রশিদ বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলজুড়ে বৃষ্টি হচ্ছে। মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী দুই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. সালাহ্ উদ্দিন কবির বলেন, ৩ নম্বর সতর্কসংকেত জারি থাকলেও আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে রয়েছে। ফলে মোংলা বন্দরে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।
এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বিভি/বাগেরহাট/পিএইচ













মন্তব্য করুন: