• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ভাইরাসের আক্রমণে পচছে ক্ষেতের আখ, চরম উৎকণ্ঠায় কৃষকরা

আতাউর রহমান আজাদ, টাঙ্গাইল

প্রকাশিত: ১৪:৪৭, ১১ আগস্ট ২০২৬

ফন্ট সাইজ
ভাইরাসের আক্রমণে পচছে ক্ষেতের আখ, চরম উৎকণ্ঠায় কৃষকরা

মাঠজুড়ে সবুজের সমারোহ, চোখজুড়ানো বিশাল আখের ক্ষেত। ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলেন কৃষকরা। কিন্তু ফসল ঘরে তোলার আগেই ভাইরাসের আক্রমণে একের পর এক পচে নষ্ট হচ্ছে আখ। বছরের অন্যতম প্রধান আয়ের উৎস ফসলের এমন ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন টাঙ্গাইলের আখচাষিরা।

চলতি মৌসুমে টাঙ্গাইল জেলায় প্রায় ৪৬৫ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের আশা করেছিলেন কৃষকরা। কিন্তু ফসল পরিপক্ব হওয়ার সময় দেখা দিয়েছে রোগের সংক্রমণ। বিশেষ করে ঈশ্বরদী জাতের আখ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। অনেক জমিতে ভালো আখের চিহ্নটুকুও নেই।

কৃষকরা জানান, শুরুতে আখের বৃদ্ধি ও ফলন দেখে ভালো লাভের আশা করেছিলেন তারা। কয়েক সপ্তাহ আগে হঠাৎ আখের গোড়ায় পচন শুরু হয়। পরে তা দ্রুত পুরো ক্ষেতে ছড়িয়ে পড়ে। একের পর এক আখ নষ্ট হওয়ায় এখন চোখের সামনে ভেস্তে যাচ্ছে তাদের স্বপ্ন।

কৃষকদের অভিযোগ, বিষয়টি কৃষি বিভাগকে জানানো হলেও মাঠপর্যায়ে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে আর্থিক সহায়তার পাশাপাশি রোগ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তবে কৃষি বিভাগ বলছে, জমিতে পানি জমে থাকায় লাল কাণ্ড পচন রোগ ছড়িয়ে পড়েছে। রোগ নিয়ন্ত্রণে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

বছরজুড়ে পরিচর্যার পর ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকরা। কিন্তু ফসল কাটার আগেই ভাইরাসের আক্রমণে মাঠেই পচে যাচ্ছে আখ। ফলে ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে দ্রুত সরকারি সহায়তা ও কার্যকর উদ্যোগের অপেক্ষায় রয়েছেন টাঙ্গাইলের ক্ষতিগ্রস্ত আখচাষিরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত