এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত করার নির্দেশ সিইসির
ফাইল ছবি
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা সম্পূর্ণ দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমাতে আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রাপ্তি স্বীকারের বার্তা পাঠানো এবং প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে স্পষ্টভাবে জানাতে বলেছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন সিইসি।
এনআইডি-সংক্রান্ত দুর্নীতি বন্ধে কর্মকর্তাদের পরামর্শ চেয়ে তিনি বলেন, ‘এনআইডি কেন্দ্রিক যে দুর্নীতি হয়, এখান থেকে আমি মুক্তি চাই। এনআইডি কেন্দ্রিক দুর্নীতি হচ্ছে না, এমন একটা পরিবেশ চাই। কীভাবে আমরা এটা নিশ্চিত করতে পারি, সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন।’
সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমানোর বিষয়ে সিইসি বলেন, এনআইডি-সংক্রান্ত যেকোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে ফিরতি বার্তা দিয়ে জানাতে হবে যে তার আবেদন পাওয়া গেছে এবং তা প্রক্রিয়াধীন রয়েছে। কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে একসঙ্গে অনেক কাগজের তালিকা না দিয়ে শুধু প্রয়োজনীয় মৌলিক কাগজটির কথা জানাতে হবে।
এনআইডি সেবা নিয়ে নাগরিকদের হয়রানির অভিযোগে বিব্রত হওয়ার কথা জানিয়ে সিইসি বলেন, প্রতিদিন ডাক সই করার সময় তার কাছে এনআইডি-সংক্রান্ত অন্তত ছয়টি আবেদন আসে। এসব আবেদনে কেউ ছয় মাস, কেউ ১০ মাস, আবার কেউ এক বছর আগে আবেদন করেও সেবা না পাওয়ার অভিযোগ করেন।
তিনি বলেন, ‘আমি চাই না পত্র-পত্রিকায় আর এই শব্দটা ব্যবহৃত হোক।’
সেবা দেওয়ার ক্ষেত্রে একে অপরকে দোষারোপের প্রবণতা পরিহারের আহ্বান জানিয়ে সিইসি বলেন, কর্মকর্তাদের কাছে সমস্যার কথা জানতে চাইলে অনেক সময় তা ব্লেম গেমে পরিণত হয়। কখনো এসএসসি সনদ, কখনো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ, আবার কখনো জন্মসনদের ত্রুটির কথা বলা হয়। এভাবে দোষারোপ করে মানুষকে সেবা দেওয়া সম্ভব নয়। নাগরিকদের সেবা দেওয়াই হতে হবে মূলনীতি।
সব মানুষ শিক্ষিত ও ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ, এমনটা ধরে নেওয়া ঠিক হবে না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, গ্রামের অনেক বয়স্ক মানুষের এনআইডি না থাকায় তারা বয়স্ক ভাতা বা ফ্যামিলি কার্ড পান না। তাই সাধারণ মানুষের সচেতনতার মাত্রা বিবেচনায় নিয়ে সেবা সহজ করার উপায় খুঁজতে হবে।
সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে কীভাবে আবেদন করতে হবে, সে বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণার প্রয়োজন বলেও মন্তব্য করেন সিইসি। এ প্রচারণা কীভাবে চালানো যায়, তা ভেবে দেখতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা কর্মশালায় অংশ নেন।
বিভি/বিএসএস/পিএইচ













মন্তব্য করুন: