• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পদ্মার তীররক্ষা বাঁধে ৫০ মিটারজুড়ে ফাটল, আতঙ্কিত স্থানীয়রা

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৮, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পদ্মার তীররক্ষা বাঁধে ৫০ মিটারজুড়ে ফাটল, আতঙ্কিত স্থানীয়রা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছ ঘাট এলাকায় পদ্মা নদীর তীররক্ষা বাঁধে প্রায় ৫০ মিটার জায়গাজুড়ে ফাটল দেখা দিয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতের দিকে বাঁধের ওই অংশে প্রথম ফাটল দেখা দেয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

ফাটলের খবর ছড়িয়ে পড়লে নদীতীরবর্তী ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বাঁধ ধসে পড়ার আশঙ্কায় মাছ ঘাট এলাকার ব্যবসায়ীরা তাদের দোকানপাট ও মালামাল সরিয়ে নিতে শুরু করেছেন।

খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. জসীম উদ্দীনসহ সংশ্লিষ্টরা। তারা ফাটল দেখা দেওয়া বাঁধের বিভিন্ন অংশ পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় ইউএনও মো. আব্দুল কাইয়ুম খান বলেন, ‘সুরেশ্বর মাছ ঘাট এলাকায় তীররক্ষা বাঁধে ফাটলের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। ফাটলের কারণ ও ঝুঁকির বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি যাতে আরও অবনতি না হয় এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাঁধের ফাটল ক্রমেই বড় হলে মাছ ঘাট এলাকার দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান ঝুঁকিতে পড়তে পারে। এ আশঙ্কায় অনেকে আগেভাগেই মালামাল সরিয়ে নিচ্ছেন।

স্থানীয়দের দাবি, ফাটল দেখা দেওয়া অংশে দ্রুত জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করা না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তারা বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত