• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

স্কুলের জমি বেদখল, উদ্ধারে শিক্ষার্থীদের বিক্ষোভ 

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২১:৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২২:২৮, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
স্কুলের জমি বেদখল, উদ্ধারে শিক্ষার্থীদের বিক্ষোভ 

রংপুরের পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি বেদখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়য়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, আনুমানিক ৪০ থেকে ৫০ বছর আগে বিদ্যালয় সংলগ্ন উত্তর পাশে আব্দুর রহমান নামে এক ব্যক্তি বাড়ি নির্মাণ করেন। তবে বাড়িতে প্রবেশের জন্য কোনো রাস্তা না থাকায় সে সময় স্কুল কর্তৃপক্ষ আব্দুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সুপারিশে মানবিক দিক বিবেচনায় বিদ্যালয়ের আনুমানিক ৪ শতক জমি দিয়ে বাড়িতে যাতায়াতের জন্য মৌখিকভাবে ব্যবহারের অনুমতি দেয়।

এরপর থেকে আব্দুর রহমানের পরিবার বিদ্যালয়ের ওই জমি দিয়ে বাড়িতে যাতায়াত করে আসছিল। আব্দুর রহমানের মৃত্যুর পরও তার পরিবারের সদস্যরা ওই পথ ব্যবহার করে আসছেন। স্কুল কর্তৃপক্ষও এতদিন তাদের চলাচলে কোনো বাধা দেয়নি।

তবে প্রায় এক সপ্তাহ আগে আব্দুর রহমানের ছেলে রওশন আলম ওই চলাচলের রাস্তার প্রবেশমুখে আরসিসি ঢালাই দিয়ে স্থায়ী অবকাঠামো ও স্টিলের গেট নির্মাণ শুরু করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরদার তাকে নির্মাণকাজ বন্ধ করতে নিষেধ করলেও তিনি তাতে কর্ণপাত করেননি। উল্টো প্রধান শিক্ষককে হুমকি-ধামকি দিয়ে লাঞ্চিত করার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। পরে প্রধান শিক্ষক  বিদ্যালয়ের জমি বেদখল থেকে রক্ষায় বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

এরপরও কোনো প্রতিকার না পাওয়ায় বুধবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচি চলাকালে অভিযুক্ত রওশন আলমের বোন সেখানে উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন।এসময় সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুলের জমি বেদখল হয়ে যাচ্ছে, অথচ আমরা কোনো প্রতিকার পাচ্ছি না। উপায় না পেয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের স্কুলের দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

তবে অভিযোগ অস্বীকার করে রওশন আলম বলেন, আমরা ৬০-৭০ বছর ধরে এখানে বাড়ি করে এই জমি ভোগদখল করে আসছি। আমাদের কাগজপত্র রয়েছে। 

প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরদার বলেন, এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে প্রতিষ্ঠানের জমি বেদখল হওয়া থেকে রক্ষার চেষ্টা করছি।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মুজাক্কিন বলেন, শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালনের আগে আমার কাছে আসতে পারতো। যাই হোক, বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে শিগগিরই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত