• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গরুবোঝাই ভুটভুটি, বাবা-ছেলেসহ নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩০, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গরুবোঝাই ভুটভুটি, বাবা-ছেলেসহ নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভুটভুটি (শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল ঝাবুবাজার গ্রামের শরিফুল ইসলাম (৪৪), তাঁর বাবা আইসুদ্দিন এবং শিবনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল হামিদ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোনাইচণ্ডী গরুর হাট থেকে গরু বিক্রি করে ভুটভুটিতে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে পুসকুনি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ভুটভুটিটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত দুজনকে মৃত ঘোষণা করেন। আরেকজন ঘটনাস্থলেই মারা যান।

আহত আটজনের মধ্যে গুরুতর অবস্থায় থাকা পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শিবগঞ্জ থানার পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত