• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

পিএসসির সুপারিশের পরও বাদ পড়াদের গেজেটের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাসস

প্রকাশিত: ১৯:২৮, ১ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:৫৮, ২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
পিএসসির সুপারিশের পরও বাদ পড়াদের গেজেটের বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

যাচাই-বাছাই বা পুলিশ ভেরিফিকেশন সাপেক্ষে ৪৯তম বিসিএস (বিশেষ)-এ প্রথম পর্যায়ে (প্রজ্ঞাপনে) বাদ পড়া প্রার্থীদের প্রজ্ঞাপন আগামী সোমবার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, জুলাইয়ের ছাত্র-গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল একটি মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। তিনি বলেন, কারো রাজনৈতিক পরিচয় যেটাই হোক, বিসিএস বা এই ধরনের পরীক্ষা বা অন্য কোনো ক্ষেত্রে সেই কারণে কোনো বৈষম্য সৃষ্টি করা হবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, ৪৯তম বিসিএসে (বিশেষ) ৬১১ জনকে শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই বিসিএস পরীক্ষায় পিএসসির চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েছিলেন ৬৬৮ জন। সেই হিসাবে গতকালের প্রজ্ঞাপনে ৫৭ জনের নাম নেই। কিন্ত প্রকৃত তথ্য হচ্ছে, বাদ পড়া ৫৭ জনের মধ্যে তিনজন সার্টিফিকেট জমা দিতে পারেননি ও আটজন মেডিকেল টেস্টে উপস্থিত হননি। তার মানে প্রথম প্রজ্ঞাপনে বাদ পড়া প্রার্থীর সংখ্যা ৫৭ জন নয়, ৪৬ জন হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিসিএস বা এ ধরনের পরীক্ষায় ভেরিফিকেশন একটা বাধ্যবাধকতা, মেডিকেল টেস্ট এবং সার্টিফিকেট জমা দেওয়াটাও একটা বাধ্যবাধকতা।
 
তিনি বলেন, এখানে অনেকেই একটা বিতর্ক তোলার চেষ্টা করেছেন যে, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো বৈষম্য সৃষ্টি করা হচ্ছে কি না। আমি সকলকে আশ্বস্ত করতে চাই, রাজনৈতিক পরিচয়ের কারণে কারো প্রতি বৈষম্য করা হবে না।

চূড়ান্ত প্রজ্ঞাপনে একজনের নাম না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মাহুতির হুমকি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিসিএসের চূড়ান্ত প্রজ্ঞাপন একবার হয় না। কয়েকবার প্রজ্ঞাপন হতে পারে। 

তিনি বলেন, ৪৯তম বিসিএস (বিসিএস)-এর সার্ভিসে যোগদানের তারিখ ১২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে আরো ১১ দিন আছে।

তিনি এ বিষয়ে বাদ পড়া প্রার্থীসহ সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

বিভি/টিটি

মন্তব্য করুন: