সরকারি চাকরিজীবীদের জন্য এবার ‘ঘটকালি সেবা’
প্রতীকী ছবি
জন্মহার বাড়াতে এবার বিয়ের সঙ্গী খুঁজে দেওয়ার উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর সরকার। দেশটির সরকারি চাকরিজীবীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ‘ফার্স্টডেট’ নামের একটি ডেটিং সেবা। ২১ থেকে ৩৫ বছর বয়সী সরকারি কর্মীরা এতে অংশ নিতে পারবেন।
ফার্স্টডেটের বিশেষত্ব হলো, প্রচলিত ডেটিং অ্যাপের মতো অসংখ্য প্রোফাইল সোয়াইপ করার সুযোগ নেই। বরং ‘গেইল-শ্যাপলি স্টেবল ম্যারেজ’ অ্যালগরিদম ব্যবহার করে একবারে একজন সম্ভাব্য সঙ্গীর সঙ্গে জুটি মিলিয়ে দেওয়া হবে। ব্যবহারকারীরা জাতীয় ডিজিটাল পরিচয়পত্র দিয়ে লগইন করে নিজেদের আগ্রহ, অভ্যাস ও দৃষ্টিভঙ্গি নিয়ে একটি জরিপে অংশ নেবেন।
এই অ্যালগরিদমের অন্যতম উদ্ভাবক লয়েড শ্যাপলি ২০১২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। সরকারি স্কুলে ভর্তি ও চিকিৎসকদের প্রশিক্ষণ পদায়নসহ বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে।
উদ্যোগটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২৯ বছর বয়সী কর্মী এলিজাবেথ বিবিসিকে বলেন, তিনি সেবাটি ব্যবহার করে দেখতে আগ্রহী। সরকারি কর্মীদের জন্য হওয়ায় প্রতারণার ঝুঁকি কিছুটা কম হতে পারে বলেও মনে করেন তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বয়সসীমা ও শুধু সরকারি কর্মীদের জন্য সেবাটি চালুর সমালোচনা করেছেন।
রেকর্ড নিম্ন জন্মহারের প্রেক্ষাপটেই উদ্যোগটি নেওয়া হয়েছে। ২০২৫ সালে সিঙ্গাপুরে প্রথমবারের মতো এক বছরে জন্ম নেওয়া শিশুর সংখ্যা ৩০ হাজারের নিচে নেমে যায়। একই সময়ে মৃত্যু হয়েছে প্রায় ২৬ হাজার ৫০০ মানুষের।
এর আগে ১৯৮৪ সালেও তরুণদের বিয়েতে উৎসাহ দিতে ঘটকালির সরকারি উদ্যোগ নিয়েছিলো সিঙ্গাপুর। জাপানের টোকিও সরকারও ২০২৪ সালে জন্মহার বাড়াতে এআই-চালিত ডেটিং অ্যাপ চালু করে। সূত্র: বিবিসি
বিভি/এমআর













মন্তব্য করুন: