• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

দ্বিতীয় পদ্মা সেতু হলে ঢাকা থেকে পাবনা যাওয়া যাবে ২ ঘণ্টায়!

বাসস

প্রকাশিত: ১২:২৭, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দ্বিতীয় পদ্মা সেতু হলে ঢাকা থেকে পাবনা যাওয়া যাবে ২ ঘণ্টায়!

প্রতীকী ছবি

রাজধানী ঢাকা থেকে পাবনায় যাতায়াতে দীর্ঘদিন ধরেই ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। যমুনা সেতু ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে যানজটসহ নানা কারণে কখনো পাঁচ থেকে সাত ঘণ্টা পর্যন্ত সময় লাগে। এ পরিস্থিতি বদলাতে পদ্মা নদীর ওপর পাটুরিয়া-গোয়ালন্দ-পাবনা সংযোগে ‘ওয়াই’ আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা সামনে এসেছে। পাশাপাশি পাবনা শহরের গুরুত্বপূর্ণ তিনটি সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকা থেকে পাবনায় যাতায়াতের সময় কমে দুই থেকে আড়াই ঘণ্টায় নেমে আসতে পারে। এতে রাজধানীর সঙ্গে পাবনার সরাসরি সড়ক যোগাযোগের নতুন সম্ভাবনা তৈরি হওয়ার পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যেও গতি আসতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, মানিকগঞ্জের পাটুরিয়া থেকে পদ্মা নদীর মাঝপথে একটি সংযোগস্থল তৈরি করে সেতুর একটি শাখা রাজবাড়ীর গোয়ালন্দ এবং অন্য শাখা পাবনার কাজীরহাট বা নগরবাড়ী প্রান্তে যুক্ত করার প্রস্তাব রয়েছে। এর মাধ্যমে রাজধানীর সঙ্গে পাবনার সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার পাশাপাশি আশপাশের কয়েকটি জেলার যোগাযোগব্যবস্থাও উন্নত হতে পারে।

সরকারের সড়ক যোগাযোগ উন্নয়ন পরিকল্পনায় দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে পাবনা শহরের যানজট নিরসন এবং আঞ্চলিক যোগাযোগ সহজ করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনাও আলোচনায় রয়েছে।

তবে প্রস্তাবিত ওয়াই আকৃতির সেতুর নকশা এখনো চূড়ান্ত হয়নি। সরকারের প্রাথমিক পরিকল্পনায় মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনাকে যুক্ত করার সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। এ জন্য সম্ভাব্যতা সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে সেতুর অবস্থান, দৈর্ঘ্য, নকশা ও নির্মাণব্যয় চূড়ান্ত করা হবে।

সরকারি তথ্য অনুযায়ী, পাটুরিয়া-দৌলতদিয়া অবস্থানে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়টি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানেও এ করিডর বিবেচনায় রাখা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে সম্ভাব্যতা সমীক্ষার জন্য ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে সেতু নির্মাণের চূড়ান্ত প্রকল্প ব্যয় ও অর্থায়নের উৎস এখনো নির্ধারণ করা হয়নি।

সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া করিডরে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়টি সরকারের উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব পেয়েছে। এ ধরনের বড় অবকাঠামো নির্মাণের আগে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা প্রয়োজন। নদীর গতিপ্রকৃতি, পানিপ্রবাহ, নাব্যতা, নদীশাসন, সেতুর নকশা, নির্মাণব্যয় ও অর্থনৈতিক উপযোগিতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, ওয়াই আকৃতির সেতুর প্রস্তাবটিও কারিগরি ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করতে হবে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতেই সেতুর চূড়ান্ত অবস্থান, নকশা ও বাস্তবায়ন পরিকল্পনা নির্ধারণ করা সম্ভব হবে।

পাবনা শহরের তিন সড়ক চার লেনের প্রস্তাব
দ্বিতীয় পদ্মা সেতুর পাশাপাশি পাবনা শহরের অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের উদ্যোগও নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শহরের তিনটি গুরুত্বপূর্ণ সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে সামনে আসা এ প্রস্তাবে তিন ধাপে প্রায় সাত কিলোমিটার সড়ক প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে।

প্রথম ধাপে চকছাতিয়ানী মসজিদ থেকে চকছাতিয়ানী কবরস্থান হয়ে বালিয়াহালট মডেল মসজিদের সামনে পাবনা-ঈশ্বরদী মহাসড়ক পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার কথা রয়েছে।

দ্বিতীয় ধাপে চাঁদমারী মোড় থেকে পৈলানপুর মোড় হয়ে পাওয়ার হাউস মোড় পর্যন্ত সড়ক প্রশস্ত করা হবে। তৃতীয় ধাপে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মুজাহিদ ক্লাব, অনন্ত সিনেমা হল ও আব্দুল হামিদ রোড হয়ে গাছপাড়া মোড় পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব রয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পাবনা দীর্ঘদিন ধরে যোগাযোগ অবকাঠামোর নানা সমস্যায় রয়েছে। বিশেষ করে ঢাকা থেকে পাবনায় আসতে যমুনা সেতু ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হয়।

তিনি বলেন, পদ্মা নদীর ওপর দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে পাবনার সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠা করতে চাই। পাটুরিয়া থেকে ওয়াই আকৃতির সেতুর একটি শাখা গোয়ালন্দ এবং অন্য শাখা পাবনার কাজীরহাট বা নগরবাড়ীর সঙ্গে যুক্ত করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ তিনটি সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে পাবনার যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।

শিল্প-বাণিজ্যে নতুন সম্ভাবনা

কৃষি, শিল্প ও বাণিজ্যের দিক থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা পাবনা। ঈশ্বরদী ইপিজেড, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, চিনিকল, কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান ও বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রকে ঘিরে জেলায় প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। ঈশ্বরদী, সুজানগর, সাঁথিয়া, বেড়া, চাটমোহর ও ভাঙ্গুড়া থেকে উৎপাদিত কৃষি ও শিল্পপণ্য পরিবহনেও উন্নত সড়ক যোগাযোগের প্রয়োজন রয়েছে।

দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে পাবনার সঙ্গে মানিকগঞ্জ ও রাজবাড়ীর সরাসরি যোগাযোগের সম্ভাবনা তৈরি হবে। এতে ঢাকা যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে পণ্য পরিবহনের নতুন পথ উন্মুক্ত হতে পারে। কৃষিপণ্য, মাছ, দুগ্ধজাত পণ্য ও শিল্পকারখানার উৎপাদিত পণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হলে পরিবহন ব্যয় ও সময় কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

বিশেষ করে পাবনার বেড়া ও কাজীরহাট অঞ্চল থেকে নদীপথনির্ভর যোগাযোগের পরিবর্তে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে রাজবাড়ী, মানিকগঞ্জ, নাটোর ও সিরাজগঞ্জের মানুষের রাজধানীমুখী যাতায়াত এবং পণ্য পরিবহনেও সুবিধা বাড়তে পারে।

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিসিসিআই) সভাপতি মো. ফোরকান রেজা বিশ্বাস বাদশা বলেন, কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের দিক থেকে পাবনা অত্যন্ত সম্ভাবনাময় একটি জেলা। তবে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে পণ্য পরিবহনে অনেক সময় অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করতে হয়। বিশেষ করে ঢাকাসহ দেশের বড় বাজারগুলোতে কৃষিপণ্য ও শিল্পকারখানার উৎপাদিত পণ্য পাঠাতে পরিবহন ব্যয় বড় একটি বিষয়।

তিনি বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক চার লেনে উন্নীত করা হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন। এতে পণ্য পরিবহনের সময় কমবে, নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার সুযোগ তৈরি হবে এবং স্থানীয় কর্মসংস্থান বাড়বে। প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সংশ্লিষ্টদের মতে, পাবনার যোগাযোগব্যবস্থার উন্নয়ন শুধু একটি জেলার মানুষের যাতায়াতের সুবিধা বাড়াবে না, বরং উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে অর্থনৈতিক সংযোগও জোরদার করতে পারে। দ্বিতীয় পদ্মা সেতু এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়িত হলে আঞ্চলিক যোগাযোগ, পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসার সম্ভাবনা রয়েছে।

তবে এসব পরিকল্পনা বাস্তবে রূপ দিতে সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন, অর্থায়ন নিশ্চিত, প্রকল্প অনুমোদন এবং সময়মতো নির্মাণকাজ শেষ করা বড় চ্যালেঞ্জ। পরিকল্পনার সুফল পেতে এসব ধাপ যথাযথভাবে সম্পন্ন করাই হবে গুরুত্বপূর্ণ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত