• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

টালমাটাল স্বর্ণের বাজার, ২০২৭ সালে কোথায় গিয়ে ঠেকবে দাম: রয়টার্সের জরিপ

প্রকাশিত: ২২:২৯, ২৭ নভেম্বর ২০২৬

আপডেট: ২২:২৯, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
টালমাটাল স্বর্ণের বাজার, ২০২৭ সালে কোথায় গিয়ে ঠেকবে দাম: রয়টার্সের জরিপ

বিশ্ববাজারে বড় দরপতনের পর আগামী বছর আবারও ঘুরে দাঁড়াতে পারে স্বর্ণের বাজার। ২০২৬ সালের জন্য স্বর্ণের গড় দাম নিয়ে পূর্বাভাস কিছুটা কমানো হলেও ২০২৭ সালের ক্ষেত্রে তা বাড়িয়েছেন বিশ্লেষকেরা। বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

তিন সপ্তাহ ধরে ৩০ জন বিশ্লেষক ও ট্রেডারের অংশগ্রহণে এ জরিপ চালায় রয়টার্স। এতে বলা হয়েছে, ২০২৭ সালে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের গড় দাম দাঁড়াতে পারে ৪ হাজার ৬৫০ ডলারে। এর আগে এ দাম ৪ হাজার ৬১০ ডলার হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।

অন্যদিকে, ২০২৬ সালের জন্য স্বর্ণের গড় দামের পূর্বাভাস কমিয়ে ৪ হাজার ৪৯৫ ডলার নির্ধারণ করা হয়েছে। তিন মাস আগে এ পূর্বাভাস ছিল ৪ হাজার ৫০৯ ডলার। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের উচ্চ মুনাফা, শক্তিশালী ডলার এবং দীর্ঘ সময় সুদের হার বেশি থাকার প্রত্যাশা স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করছে।

চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫৯৫ ডলারে পৌঁছেছিল। তবে ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম ও মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা বেড়ে যাওয়া এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে পরবর্তী সময়ে স্বর্ণের বাজারে বড় দরপতন হয়। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৪ হাজার ডলারের কাছাকাছি।

তবে আগামী কয়েক মাসের মধ্যে স্বর্ণের দাম স্থিতিশীল হয়ে আবার বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিশ্লেষক সুকি কুপার বলেন, ডলারের ওপর নির্ভরতা কমানো এবং মুদ্রার ক্রয়ক্ষমতা হ্রাসের বিষয়টি বাজারের আলোচনায় গুরুত্ব পেলে স্বর্ণের দাম পুনরুদ্ধারের সুযোগ তৈরি হতে পারে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত