এবার নিত্যপণ্য আমদানি-রফতানিতে পাকিস্তানের সঙ্গে ৫ বছরের চুক্তি
এবার পাকিস্তান থেকে চাল, গম, চিনি, ভোজ্যতেল থেকে শুরু করে পেঁয়াজ, আলু, ডাল, সারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করবে বাংলাদেশ। এ লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ের (জি-টু-জি) পাঁচ বছর মেয়াদি সমঝোতা চুক্তি সই হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও পাকিস্তানের ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে দেশটির হাইকমিশনার ইমরান হায়দার এতে স্বাক্ষর করেন। এতে দুই দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পণ্য কেনাবেচার নতুন সুযোগ তৈরি হলো।
সমঝোতার আওতায় দুই দেশ চাল, গম, চিনি, সয়াবিন ও পাম তেলসহ বিভিন্ন ভোজ্যতেল, মসুর ডাল, ছোলা, পেঁয়াজ, আলু, চা, খেজুর ও বিভিন্ন কৃষিপণ্য আমদানি-রপ্তানি করতে পারবে।
পাকিস্তানের হাইকমিশনার জানিয়েছেন, তাদের দেশে বাসমতি চাল, পেঁয়াজ, আলু ও মসলার উদ্বৃত্ত মজুত রয়েছে। বাংলাদেশের চাহিদা অনুযায়ী এসব পণ্য সরবরাহে তারা প্রস্তুত।
তবে এখনই পণ্য আমদানি শুরু হচ্ছে না। প্রতিটি পণ্যের মান, পরিমাণ, দাম ও সরবরাহের সময় নিয়ে এরপর দুই পক্ষকে আলাদা চুক্তি করতে হবে।
বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, এই সমঝোতার মাধ্যমে দুই দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি ও সুসংগঠিত বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে।
সমঝোতা স্মারকটি স্বাক্ষরের দিন থেকে পাঁচ বছর কার্যকর থাকবে। কোনো পক্ষ বাতিলের উদ্যোগ না নিলে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়ন হবে। তবে যেকোনো পক্ষ কূটনৈতিক মাধ্যমে অন্তত তিন মাস আগে লিখিত নোটিশ দিয়ে এটি বাতিল করতে পারবে।
বিভি/এইচজে













মন্তব্য করুন: