• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জ ও শরীয়তপুরে নিষিদ্ধ আ. লীগের সহিংসতা, নিহত ২

প্রকাশিত: ১৫:১৬, ২৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:২৩, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গোপালগঞ্জ ও শরীয়তপুরে নিষিদ্ধ আ. লীগের সহিংসতা, নিহত ২

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ দফা দাবিতে ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ ও শরীয়তপুরে নানা স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় এরই মাঝে ২ আওয়ামী লীগ কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। 

শরীয়তপুরের জাজিরার নাওডোবায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ চলাকালে ইব্রাহিম নামে গুলিবিদ্ধ যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। তার মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে। নিহত ইব্রাহিমের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে।

এছাড়া ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মাসেতু সংলগ্ন শরীয়তপুরের জাজিরা এলাকায় সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগের আরও এক কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম নিজামউদ্দিন মৃধা। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা। রোববার (২৯ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে ইব্রাহিমের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম এলাহী। তিনি জানান, একটি এ্যাম্বুলেন্সে করে মরদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে। 

এর আগে রবিবার ভোর ৫টার দিকে জাজিরার নাওডোবা গোলচত্বর এলাকায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। নাওডোবার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন তারা। এ সময় অন্তত অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। পাশাপাশি বিএনপির সমাবেশস্থলের প্যান্ডেল, দুটি মার্কেট ও কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

অবরোধের কারণে প্রায় আড়াই ঘণ্টা পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকে। পরে বিক্ষোভকারীরা এক্সপ্রেসওয়ে থেকে সরে গেলে সড়কের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান জানান, বিক্ষোভকারীরা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। কোনো ধরনের প্রাণহানি যেন না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে পুলিশ ধৈর্য ধরে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছে। বর্তমানে পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে আওয়ামী লীগের সহিংসতায় গোপালগঞ্জে জনজীবন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। কর্মসূচির প্রভাবে জেলা শহরের সব দোকানপাট, মার্কেট, স্কুল-কলেজ এবং অফিস-আদালতের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। 

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই অবরোধকারীরা জেলার বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছে। এর ফলে গোপালগঞ্জসহ ঢাকা-খুলনা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের কোনো যানবাহন চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।  

এদিকে, বর্তমানে বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক (ফাইনাল) পরীক্ষা চলমান থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতসহ স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছে।

অন্যদিকে, নাশকতা এড়াতে জেলার সরকারি অফিস ও আদালত প্রাঙ্গণেৎ তাদের কোনো টহল চোখে পড়েনি।

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত