বি-২০২৬ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে নৌবাহিনী প্রধান
সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনীতে যুক্ত হলেন ৪৬৭ নবীন নাবিক
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃপ্ত অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলেন বি-২০২৬ ব্যাচের ৪৬৭ জন নবীন নাবিক। দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ ও অধ্যবসায়ের পর রবিবার (২৯ নভেম্বর) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তাদের বুটক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
কুচকাওয়াজে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আইএসপিআর জানায়, নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. সেজান মাহমুদ পেশাগত ও সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। এ ছাড়া মো. মুজাহিদুল ইসলাম দ্বিতীয় স্থান অর্জন করে ‘কমখুল পদক’ এবং মো. শাকিল হাসান তৃতীয় স্থান অর্জন করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হন এবং দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ গ্রহণ করেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী সব অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনসহ সব বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন নৌবাহিনী প্রধান।
তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের অকৃত্রিম দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষ অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি একটি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তুলতে নবীন নাবিকরা অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
নৌপ্রধান দেশের দক্ষিণাঞ্চলের পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। একই সঙ্গে এ ঘাঁটি দক্ষ নাবিক তৈরির সূতিকাগার হিসেবে কাজ করছে বলেও জানান তিনি।

মনোজ্ঞ কুচকাওয়াজের মধ্য দিয়ে দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার মহান ও পবিত্র দায়িত্ব পালনে পেশাগত জীবনে পদার্পণ করায় নবীন নাবিকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান নৌবাহিনী প্রধান। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা ও নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ে অর্জিত জ্ঞান, দক্ষতা ও সামরিক প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজেদের যোগ্য, দক্ষ ও গর্বিত নাবিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় তিনি সততা, শৃঙ্খলা, আনুগত্য ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশসেবায় আত্মনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান।
মনোজ্ঞ এ কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওরা, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিভি/এসবি/পিএইচ













মন্তব্য করুন: