• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৪, ১১ আগস্ট ২০২৬

ফন্ট সাইজ
সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে তিন মাস ১৫ দিন বন্ধ থাকার পর আবারও মাছ শিকার শুরু হয়েছে। সোমবার মধ্যরাত থেকে জেলেরা মাছ শিকার শুরু করেন। এতে রাঙ্গামাটির বিএফডিসির অবতরণ ঘাটে মৎস্য ব্যবসায়ী ও কর্মচারীদের মাঝে কর্মতৎপরতা ফিরেছে। খুলে দেওয়া হয়েছে শহরের সব বরফকল। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে রাঙ্গামাটির চারটি ল্যান্ডিং ঘাটে মাছ আসতে শুরু করেছে। মাছ আসার ফলে জেলে ও মাছ ব্যবসায়ীদের তৎপরতা শুরু হওয়ায় রাঙ্গামাটি শহরের মাছের বাজারগুলোতেও ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিতকরণসহ কাপ্তাই হ্রদের প্রাকৃতিক পরিবেশকে মৎস্যসম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের এক আদেশে গত ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে মাছ শিকার নিষিদ্ধ করে রাঙ্গামাটি জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, তিন মাস ১৫ দিন পর সোমবার মধ্যরাত থেকে আবারও মাছ শিকার উন্মুক্ত করে দেওয়া হয়। সোমবার মধ্যরাত থেকে প্রশাসন মাছ শিকারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় জেলেরা আবারও মাছ শিকার শুরু করেন।

রাঙ্গামাটির ব্যবসায়ী আব্দুল শুক্কুর বলেন, “দীর্ঘ তিন মাস ১৫ দিন পর মাছ শিকার শুরু হওয়ায় আমাদের ব্যবসা শুরু করতে পেরেছি। এটা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া।”

তিনি বলেন, “তবে মাছের সাইজ খুবই ছোট। কীভাবে খরচ তুলব, তা নিয়ে আমরা চিন্তায় রয়েছি। ঢাকা ও চট্টগ্রামের বাজার যদি ভালো থাকে, তাহলে হয়তো খরচ উঠবে। না হলে পুরো লোকসানের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। আগামী কয়েক দিনের মধ্যে যদি মাছের পোনার সাইজ বড় হয়, তাহলে কিছুটা লাভের মুখ দেখব।”

রাঙ্গামাটি বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ থাকার পর মাছ আহরণ শুরু হওয়ায় রাঙ্গামাটির বিএফডিসির অবতরণ ঘাটে প্রথম দিনেই প্রচুর পরিমাণ মাছ এসেছে। এবার সাইজ একটু ছোট হলেও আগামী কয়েক দিনের মধ্যে মাছের আকার বড় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন ও বংশবিস্তারের কারণে মাছের উৎপাদন আগামী দিনে সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে জানান রাঙ্গামাটি বিএফডিসির ব্যবস্থাপক।

হ্রদের বিশাল জলরাশি রাঙ্গামাটির অর্থনীতি ও বিপুলসংখ্যক মানুষের জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। তাই প্রতিবছর নির্দিষ্ট সময় মাছ আহরণ বন্ধ রেখে প্রজননের সুযোগ সৃষ্টি এবং পরে নির্ধারিত নিয়ম মেনে মাছ শিকার উন্মুক্ত করার মাধ্যমে এ মৎস্যসম্পদ টেকসইভাবে ব্যবস্থাপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত