নূর আলমের জালে পৌনে ৩ কেজির এক ইলিশ, বিক্রি ১২ হাজার টাকায়
কুয়াকাটার আশাখালী মৎস্য বন্দরে জেলে নূর আলম বিশ্বাসের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। রবিবার (৮ নভেম্বর) মাছটি স্থানীয় মৎস্য আড়ত মেসার্স তুবা ফিসে নিলামে প্রতি মণ ১ লাখ ৯৫ হাজার টাকা দরে মোট ১২ হাজার ১১২ টাকায় বিক্রি হয়েছে।
মাছটির ক্রেতা স্থানীয় মৎস্য ব্যবসায়ী মামুন মৃধা। বড় আকারের ইলিশটি আড়তে পৌঁছানোর পর সেটি দেখতে ভিড় করেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। মাছটির ওজন ও দাম নিয়ে বন্দরে বেশ আলোচনা তৈরি হয়।
জেলে নূর আলম বিশ্বাস বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে জালে এত বড় ইলিশ পেয়েছি। মাছটি আড়তে নিয়ে ভালো দাম পাওয়ায় খুবই আনন্দিত। বড় মাছ ধরা পড়লে আমাদের মতো জেলেদের আনন্দের পাশাপাশি আর্থিক স্বস্তিও আসে।
ক্রেতা মামুন মৃধা বলেন, আড়তে মাছটি আসার পর নিলামে অংশ নিয়ে কিনেছি। দুই কেজির বেশি ওজনের ইলিশ সচরাচর পাওয়া যায় না। আশা করছি, ভালো দামে মাছটি বিক্রি করতে পারব।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী রাশেদুল বলেন, আশাখালী বন্দরে বড় আকারের ইলিশ উঠলে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়। বিশেষ করে দুই কেজির বেশি ওজনের ইলিশ বাজারে খুব বেশি পাওয়া যায় না। এ কারণে মাছটির দামও ভালো উঠেছে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। তবে ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য জেলেদের মৎস্য আহরণের ক্ষেত্রে সরকারি আইন মেনে চলার পাশাপাশি নির্ধারিত নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করতে হবে।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, বাজারে বড় আকারের ইলিশের চাহিদা সবসময়ই বেশি। বিশেষ করে দুই কেজির বেশি ওজনের ইলিশ আড়তে উঠলে তা দেখতে ক্রেতাদের আগ্রহ বাড়ে। এসব মাছ তুলনামূলক বেশি দামে বিক্রি হয়।
বিভি/এজেড













মন্তব্য করুন: