সার ডিলার নিয়োগ বাতিলের ভুয়া খবর নিয়ে যা জানালো মন্ত্রণালয়
সার ডিলার নিয়োগ বাতিলের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে মন্ত্রণালয়।
সোমবার (৯ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিল করা হয়েছে বলে বিভিন্ন তথ্য প্রচার করা হচ্ছে। বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। তবে এসব প্রচারের কোনো সত্যতা বা ভিত্তি নেই। প্রচারিত তথ্যগুলো অসত্য ও বিভ্রান্তিকর।
এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব খবরে বিশ্বাস না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
একই সঙ্গে যথাযথভাবে যাচাই না করে কোনো তথ্য সংবাদমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ বা শেয়ার না করতে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।
জনস্বার্থে সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি ব্যাপকভাবে প্রচারেরও আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
বিভি/টিটি













মন্তব্য করুন: