• NEWS PORTAL

  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত, বড় ক্ষতির শঙ্কায় কৃষক

আবুবকর সিদ্দিক, জয়পুরহাট

প্রকাশিত: ১৮:৪৮, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত, বড় ক্ষতির শঙ্কায় কৃষক

গত কয়েক দিনের টানা ও থেমে থেমে হওয়া বৃষ্টিতে জয়পুরহাটের নিচু জমিতে রোপণ করা আগাম জাতের আলুখেত এবং কেটে রাখা পাকা আমন ধান পানিতে তলিয়ে গেছে। এতে ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। পাশাপাশি বৃষ্টির পানিতে আলুর বীজ পচে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। সব মিলিয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন জেলার প্রান্তিক কৃষকরা। অন্যদিকে, টানা বৃষ্টিতে কাজকর্ম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষও।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জয়পুরহাটে ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে সাম্প্রতিক বৃষ্টিতে ৪ হাজার ১১৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, এবার জেলায় ৩৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ৭ হাজার ৪৪০ হেক্টর জমিতে আগাম জাতের আলু রোপণ করা হয়েছে। এর মধ্যে বৃষ্টির পানিতে তলিয়ে ১ হাজার ২৩৭ হেক্টর জমির আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পেঁয়াজ ও সরিষাসহ ১ হাজার ৫১১ হেক্টর জমির শীতকালীন শাকসবজিও ক্ষতির মুখে পড়েছে।

স্থানীয় কৃষকরা জানান, মাঠে পুরোদমে আমন ধান কাটা শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় অর্ধেক ধান ঘরে তোলা সম্ভব হয়েছে। ধান কাটার পর যেসব জমি ফাঁকা হয়েছিল, সেসব জমিতে অধিক লাভের আশায় আগাম জাতের আলু রোপণ করেছিলেন তারা। কিন্তু অসময়ের বৃষ্টিতে নিচু জমিতে পানি জমে যাওয়ায় রোপণ করা আলু মাটির নিচে তলিয়ে গেছে। এতে চারা গজানোর আগেই আলু পচে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, জেলায় প্রায় ৩ হাজার ৪৩০ হেক্টর জমিতে আগাম আলু রোপণের লক্ষ্যমাত্রা ছিল।

এদিকে, মাঠে কেটে রাখা পাকা ধান পানিতে ডুবে থাকায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ পুরোপুরি ব্যাহত হচ্ছে। পানিতে ভিজে ধানের খড় পচে যাওয়ায় আসন্ন মৌসুমে তীব্র গোখাদ্য সংকটের আশঙ্কা করছেন খামারি ও কৃষকরা।

পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে কাজ বন্ধ থাকায় চরম অর্থকষ্টে দিন পার করছেন দিনমজুররা। কৃষকদের আশঙ্কা, আবহাওয়ার উন্নতি না হয়ে আরও এক থেকে দুই দিন বৃষ্টি অব্যাহত থাকলে তাদের অপূরণীয় ক্ষতির মুখে পড়তে হবে।

সার্বিক বিষয়ে জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাদিয়া সুলতানা জানান, অসময়ের বৃষ্টিতে জেলার কৃষকরা বেশ বেকায়দায় পড়েছেন। কেটে রাখা পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি আলু রোপণেও বৃষ্টির পানি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, দ্রুত বৃষ্টি থেমে গেলে পুনরায় আলু রোপণের সুযোগ রয়েছে। তবে বৃষ্টি আরও এক থেকে দুই দিন স্থায়ী হলে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়বেন।

বিভি/জয়পুরহাট/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত