• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

এক সময়ের মঙ্গার জনপদে কৃষিশিল্প ও কর্মসংস্থানের নতুন স্বপ্ন

বাসস

প্রকাশিত: ১৭:৩৯, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এক সময়ের মঙ্গার জনপদে কৃষিশিল্প ও কর্মসংস্থানের নতুন স্বপ্ন

প্রতীকী ছবি

একসময় ‘মঙ্গা’ ছিল উত্তরবঙ্গের মানুষের কাছে আতঙ্কের নাম। কর্মসংস্থানের অভাব, দারিদ্র্য ও খাদ্যসংকটে বছরের নির্দিষ্ট সময়ে এ অঞ্চলের অসংখ্য মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। কাজ ও খাবারের সন্ধানে ছুটতে হতো এক এলাকা থেকে অন্য এলাকায়। সেই উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা নিয়েছে বিএনপি সরকার।

কৃষিকে শুধু ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিকীকরণ, কৃষি উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে বগুড়া, জয়পুরহাট ও নওগাঁয় কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এসব এলাকায় গড়ে তোলা হবে এগ্রো প্রসেসিং জোন।

কৃষি মন্ত্রণালয়ের আশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে। উৎপাদন থেকে শুরু করে কৃষিপণ্যের সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ পর্যন্ত গড়ে উঠবে সমন্বিত ব্যবস্থা। এতে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার পাশাপাশি কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ ও উদ্যোক্তা হওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে তরুণদের জন্য কৃষিকে ঘিরে নতুন ব্যবসা ও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনাধীন ১০টি ফ্ল্যাগশিপ প্রকল্পের একটি উত্তরাঞ্চলে কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা। প্রাথমিকভাবে বগুড়া, জয়পুরহাট ও নওগাঁকে প্রকল্পের সম্ভাব্য এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার কোটি টাকা। ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অনুমোদিত প্রকল্প তালিকায় অন্তর্ভুক্তির জন্য যাচাই কমিটি প্রকল্পটি সুপারিশ করেছে।

এ প্রকল্পের মূল উদ্দেশ্য কৃষিকে একটি সমন্বিত অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করা। কৃষিপণ্য উৎপাদনের পর সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও বাজারজাতকরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। এতে পণ্যের অপচয় কমার পাশাপাশি মূল্য সংযোজনের সুযোগ বাড়বে। একই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের প্রতিযোগিতার সক্ষমতাও বাড়বে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, এগ্রো প্রসেসিং জোনে কৃষিভিত্তিক শিল্পকারখানা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান, সংরক্ষণাগার ও বিপণনব্যবস্থা গড়ে তোলার সুযোগ থাকবে। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন খাদ্য ও শিল্পপণ্য তৈরি করা যাবে। এর মাধ্যমে কৃষক, উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে নতুন অর্থনৈতিক সংযোগ তৈরি হবে। ফলে কৃষি ও শিল্প খাতের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে।

সংশ্লিষ্টদের মতে, উত্তরবঙ্গের কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা গেলে একসময় মঙ্গার জন্য পরিচিত অঞ্চলটি কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে। কৃষির সঙ্গে শিল্প, ব্যবসা ও কর্মসংস্থানের সংযোগ বাড়লে স্থানীয় মানুষের আয় বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

কৃষক কার্ডে ২ কোটি ৩৫ লাখ কৃষককে যুক্ত করার পরিকল্পনা
কৃষির বাণিজ্যিকীকরণ ও দীর্ঘমেয়াদি উন্নয়নের পাশাপাশি কৃষকের আর্থিক সক্ষমতা বাড়াতেও উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচনী ইশতেহারে ঘোষিত কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে কৃষি মন্ত্রণালয়। আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় প্রধানমন্ত্রী তারেক রহমান মোট পাঁচ লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড ও প্রণোদনা বিতরণ করবেন। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের ১৭ নভেম্বরের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, দেশব্যাপী কৃষক কার্ড কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ২৫ লাখ ৭৯ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলায় চলছে এ কার্যক্রম। তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত রয়েছেন ৭ হাজার ৪৬৮ জন উপসহকারী কৃষি কর্মকর্তা।

প্রতিবেদনে বলা হয়েছে, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ১৭ লাখ ৪৬ হাজার কৃষকের তথ্য অনুমোদন করেছে। ব্যাংক হিসাব খোলার জন্য ১৭ লাখ ১৬ হাজার কৃষকের তথ্য এপিআইতে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৪ লাখ ৭৪ হাজার কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে। এ পর্যন্ত ২৭ হাজার ২৩০টি কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। কৃষি উপকরণ সহায়তা হিসেবে কৃষকদের ব্যাংক হিসাবে দেওয়া হয়েছে ৩০ কোটি ১৩ লাখ ২৫ হাজার টাকা।

মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে প্রায় ২ কোটি ৩৫ লাখ কৃষককে এ কর্মসূচির আওতায় আনা হবে। ২০২৬-২৭ অর্থবছরে ৪৩ লাখ কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩৮ লাখ ৮০ হাজার কৃষক কৃষি উপকরণ সহায়তা পাবেন। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৯৭০ কোটি টাকা।

কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বছরে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রকৃত কৃষকের কাছে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়া, কৃষিসেবা সহজ করা এবং বিতরণব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চায় সরকার।

কৃষি সংশ্লিষ্টদের মতে, কৃষক কার্ড ও কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা সমন্বিতভাবে বাস্তবায়িত হলে কৃষির সামগ্রিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। একদিকে কৃষক উৎপাদনের জন্য প্রয়োজনীয় সহায়তা পাবেন, অন্যদিকে উৎপাদিত পণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সুযোগ বাড়বে। এতে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি নতুন কৃষিভিত্তিক শিল্প ও উদ্যোক্তা তৈরির পথও প্রশস্ত হবে।

কৃষি অর্থনীতির নতুন সম্ভাবনা দেখছে সরকার
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বলেন, একসময় মঙ্গা উত্তরবঙ্গের মানুষের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। খাদ্যসংকট ও কর্মসংস্থানের অভাবে এ অঞ্চলের মানুষকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক অর্থনৈতিক সমৃদ্ধির অঞ্চলে রূপান্তরের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন প্রতিষ্ঠিত হলে উৎপাদন থেকে শুরু করে কৃষিপণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে নতুন সুযোগ তৈরি হবে। উত্তরাঞ্চলের কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা সম্ভব হবে। এতে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন, ফসলের অপচয় কমবে এবং তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়বে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ উদ্যোগ বাস্তবায়নে কৃষকদের আধুনিক প্রযুক্তি, উন্নত চাষাবাদ পদ্ধতি ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করবে বলেও জানান তিনি।

কৃষি সচিব মো. সেলিম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কৃষকের অর্থনৈতিক ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকের উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে কৃষির বাণিজ্যিকীকরণের উদ্যোগ দেশের কৃষি অর্থনীতিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। সরকার চায়, কৃষক যেন শুধু উৎপাদনেই সীমাবদ্ধ না থাকেন; উৎপাদিত পণ্যের বাণিজ্যিক মূল্য সংযোজনের সুফলও পান।

কৃষি সচিব আরও বলেন, উত্তরবঙ্গের কৃষিকে অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে বগুড়া, জয়পুরহাট ও নওগাঁকে কেন্দ্র করে কৃষি অর্থনৈতিক অঞ্চল এবং এগ্রো প্রসেসিং জোন প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃষকের উৎপাদিত পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন এবং দেশি-বিদেশি বাজারে পৌঁছে দেওয়ার সমন্বিত ব্যবস্থা গড়ে তোলাই এর লক্ষ্য।

তার ভাষ্য, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি কৃষিপণ্যের অপচয় কমবে, কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত