• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

অসময়ের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা, কৃষকের মাথায় হাত

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ২২:৪৫, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অসময়ের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা, কৃষকের মাথায় হাত

অসময়ের টানা বৃষ্টিতে রাজবাড়ীর বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে জেলার শীতকালীন সবজি, পেঁয়াজের বীজতলা ও ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজবাড়ী, পাংশা, কালুখালী, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন মাঠের খবর নিয়ে এমন তথ্য পাওয়া গেছে। বৃষ্টির পানি জমে থাকায় ফসল রক্ষায় জমির মাঝখানে ছোট ছোট নালা তৈরি করে পানি সরানোর চেষ্টা করছেন কৃষকেরা। দেশে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে রাজবাড়ী জেলা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রাজবাড়ীতে চলতি মৌসুমে ৪০ হাজার ৯৩২ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে। জেলার পাঁচ উপজেলার কৃষকেরা বাকি ৩৫ হাজার ৯৩২ হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের প্রস্তুতি নিয়েছেন। এ লক্ষ্যে ইতোমধ্যে বীজতলা তৈরি করেছেন তারা। এ ছাড়া জেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) জেলার পাঁচ উপজেলার বেশ কিছু মাঠের খবর নিয়ে দেখা যায়, অপেক্ষাকৃত উঁচু জমিতে পেঁয়াজের বীজতলা তৈরি করেছেন কৃষকেরা। অধিকাংশ বীজতলায় বীজ থেকে চারা গজিয়েছে। তবে টানা বৃষ্টিতে ছোট ছোট চারাগুলো পানির নিচে তলিয়ে গেছে।

কৃষক আকমল হোসেন বলেন, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সবচেয়ে বেশি পেঁয়াজের আবাদ হয়। উপজেলার প্রায় ৭০ শতাংশ কৃষক মাঠে বীজতলা তৈরি করেছেন। বীজ থেকে অধিকাংশ চারাই গজিয়েছে। চারাগুলোর বয়স ১৫ থেকে ২০ দিন। টানা দুই দিনের বৃষ্টিতে সবার বীজতলা পানির নিচে তলিয়ে গেছে।

এমন বৃষ্টিপাত আরও দুই দিন অব্যাহত থাকলে ৯০ শতাংশ কৃষকের চারা নষ্ট হয়ে যেতে পারে।

আরেক কৃষক মনছের আলী বলেন, নিম্নচাপের প্রভাবে হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। রাজবাড়ীতে টানা দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টিপাত আরও এক দিন অব্যাহত থাকলে ফুলকপিতে পচন ধরবে বলেও জানান ওই কৃষক।

এ ছাড়া অনেক জমির ধান, পেঁয়াজের বীজতলা ও অন্যান্য ফসল নষ্ট হয়ে যাবে। অনেক কৃষকের পাকা ধান বাতাসে মাটিতে পড়ে পানির নিচে তলিয়ে গেছে। অসময়ের এ বৃষ্টিপাত কৃষকদের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

কালুখালী উপজেলার কৃষক আসলাম মণ্ডল বলেন, সারা বছর পেঁয়াজের দাম কম থাকায় গত বছর উৎপাদন খরচও ওঠেনি। এবার ধারদেনা করে পেঁয়াজের বীজ কিনে বীজতলা তৈরি করেছিলেন। কিন্তু বৃষ্টিতে তার বীজতলার সব চারা নষ্ট হয়ে গেছে। তার দাবি, এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার প্রায় ৬০ শতাংশ কৃষক। বৃষ্টিতে কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়ার দাবি জানান তিনি।

অনেক কৃষক সরকারের মুখের দিকে তাকিয়ে না থেকে বিভিন্ন মাঠের পাশে নিজেদের উদ্যোগে স্যালোমেশিন বসিয়ে ক্ষেত থেকে পানি বের করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ কোদাল দিয়ে ছোট ছোট নালা কেটে জমি থেকে পানি বের করছেন। কৃষকেরা তাদের পরিশ্রমের ফসল রক্ষায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. এনামুল হক বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে আগামী চার দিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দুই দিন আরও বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে কৃষিতে ক্ষতি হতে পারে। বিষয়টি কৃষি বিভাগ পর্যবেক্ষণ করছে।

বিভি/রাজবাড়ী/পিএইচ

মন্তব্য করুন: