কাব্য কুহুকের ‘একটি বাংলাদেশ’ মঞ্চস্থ
সাহিত্য ও সংস্কৃতির বিকাশে আবৃত্তি সংগঠন কাব্য কুহুক-এর পরিবেশনায় ‘একটি বাংলাদেশ’ শিরোনামে একটি আবৃত্তি প্রযোজনা মঞ্চস্থ হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে।
প্রযোজনাটির উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, কবি রেজাউদ্দিন স্টালিন। প্রযোজনাটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা তৃনা। পরিবেশনায় অংশ নেন কাব্য কুহুকের সদস্যবৃন্দ, যাদের প্রাণবন্ত ও আবেগঘন উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে।
‘একটি বাংলাদেশ’ প্রযোজনায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সমসাময়িক জাতীয় চেতনার নানা দিক শৈল্পিকভাবে তুলে ধরা হয়। বিশেষ করে নতুন প্রজন্মের আবৃত্তিশিল্পীদের অংশগ্রহণ প্রযোজনাটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউদ্দিন স্টালিন আবৃত্তির গুরুত্ব তুলে ধরে বলেন, আবৃত্তি এমন একটি মাধ্যম, যা শুদ্ধ উচ্চারণ, আত্মবিশ্বাস ও কথার শক্তি বিকাশে মানুষকে সাহায্য করে। তিনি আশ্বাস দেন, যতদিন তিনি দায়িত্বে থাকবেন, আবৃত্তির পাশে থাকবেন। পাশাপাশি তিনি বর্তমান সময়ে আবৃত্তিশিল্পে ভালো কাজ করছেন—বিশেষ করে ফারহানা তৃনাসহ আরও কয়েকজনের প্রতি কৃতজ্ঞতা জানান।
কাব্য কুহুক-এর পরিচালক ফারহানা তৃনা বলেন, “আমরা চাই নতুন প্রজন্ম একটি ঐক্যবদ্ধ, সুন্দর বাংলাদেশের স্বপ্ন ধারণ করুক। তাই নানা বয়স ও পেশার মানুষের পাশাপাশি কাব্য কুহুকের এই প্রযোজনায় শিশুরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।” তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মহাপরিচালককে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও আবৃত্তি শিল্পের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন—যাতে আবৃত্তিশিল্প তার প্রাপ্য গুরুত্ব পায়।
মনোমুগ্ধকর এই আয়োজনে সংস্কৃতিমনা দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়, যা আয়োজনটিকে সফল করে তোলে।



মন্তব্য করুন: