• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

হারিয়ে যাওয়া গ্রামবাংলাকে আগলে রেখেছেন আতিকুর, মিঠাপুকুরে ব্যতিক্রমী পল্লী জাদুঘর

জুয়েল আহমেদ, রংপুর

প্রকাশিত: ১৩:৪০, ১২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:৪১, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হারিয়ে যাওয়া গ্রামবাংলাকে আগলে রেখেছেন আতিকুর, মিঠাপুকুরে ব্যতিক্রমী পল্লী জাদুঘর

একটু চোখ বন্ধ করে ভাবুন তো, সন্ধ্যা নামতেই উঠানে জ্বলে উঠেছে হারিকেনের আলো। ঘরের কোণে কুপি বাতি, রান্নাঘর থেকে ভেসে আসছে ঢেঁকিতে ধান ভাঙার শব্দ। কোথাও বাজছে দোতারা, কোথাও গ্রামোফোনে কলের গান। উঠানে দাঁড়িয়ে আছে গরুর গাড়ি। ঘরের এক পাশে পুরোনো সিন্দুক, দেয়ালে ঝুলছে তালপাতার পাখা। এ যেন কয়েক দশক আগের চেনা গ্রামবাংলা। সময়ের স্রোতে সেই জীবন হারিয়ে গেছে অনেকটাই। কিন্তু রংপুরের মিঠাপুকুরে গেলে দেখা মিলবে সেই হারানো দিনের। সেখানে অতীত শুধু স্মৃতি হয়ে নেই, বরং নানা উপকরণে জীবন্ত হয়ে আছে।

নাম তার ‘ফকিরবাড়ি পল্লী জাদুঘর’। আর এই হারানো সময়কে যত্ন করে আগলে রাখার কারিগর লেখক ও সংস্কৃতিকর্মী আতিকুর রহমান, যিনি আদিল ফকির নামেও পরিচিত। তার কাছে পুরোনো একটি ঢেঁকি নিছক কৃষি উপকরণ নয়, একটি সময়ের গল্প। হারিকেন শুধু আলো জ্বালানোর যন্ত্র নয়, এক প্রজন্মের শৈশব। দোতারা কেবল বাদ্যযন্ত্র নয়, গ্রামীণ শিল্পী ও লোকসংস্কৃতির জীবন্ত স্মারক। এমন ভাবনা থেকেই নিজের ভালোবাসা, শ্রম ও সাধনায় তিনি গড়ে তুলেছেন ব্যতিক্রমী এই পল্লী জাদুঘর।

রংপুর শহর থেকে ঢাকা-রংপুর মহাসড়ক ঘেষে জায়গীরহাট ১৭ কিলোমিটার। সেখান থেকে জায়গীর-বালারহাট সড়ক ধরে আরও পাঁচ কিলোমিটার এগোলেই মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রাম। পাকা সড়ক ছেড়ে কাঁচা পথ ধরে কিছুদূর এগোতেই চোখে পড়বে ফুল আর লতাগুল্মে ঘেরা জাদুঘরের প্রবেশ পথ। গেট পেরিয়ে ভেতরে ঢুকলে চারপাশের সবুজ, গাছের ছায়া, পদ্মদিঘী আর সাজানো পুরোনো সামগ্রী যেন দর্শনার্থীকে নিয়ে যায় অন্য এক সময়ে।

এখানে শুধু পুরোনো জিনিসপত্র সাজিয়ে রাখা হয়নি, তৈরি করা হয়েছে ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার এক মনোরম পরিসর। গাছের ছায়ায় বসানো বইয়ের তাক। বই পড়ার জন্য রয়েছে স্টিলের চেয়ার, টেবিল ও বেঞ্চ। প্রকৃতির সান্নিধ্যে বই পড়া, আর চারপাশে ছড়িয়ে থাকা অতীতের স্মারক. সব মিলিয়ে জায়গাটি হয়ে উঠেছে জ্ঞানচর্চা ও স্মৃতিচারণের এক ব্যতিক্রমী ঠিকানা।

সম্প্রতি ‘ফকিরপাড়া পল্লী যাদুঘর সরেজমিন দেখতে যেয়ে দেখা গেছে, আশপাশের গ্রামের বেশ কিছু শিক্ষার্থীর দেখা মেলে। তারা মাঝেমধ্যে এখানে এসে বই পড়েন। তাদের কাছে এটি শুধু বিনোদনের জায়গা নয়, গ্রামবাংলার ইতিহাস-ঐতিহ্য জানারও সুযোগ। তারা জানিয়েছেন, ‘গ্রামবাংলার ইতিহাস-ঐতিহ্যকে লালন করার চমৎকার প্রয়াস আছে এখানে। তাই ভালো লাগে।’

জাদুঘরের ভেতরে ঢুকলেই চোখে পড়বে একের পর এক বিস্ময়। কোথাও সিন্দুক, কোথাও যাত্রাগানের রাজা-বাদশাহর তরবারি। আছে গ্রামোফোন বা কলের গান, ঢেঁকি, হ্যাজাক বাতি, হারিকেন, কুপি, তালপাতার পাখা, একতারা, দোতারা, ডুগডুগি, গরুর গাড়ি, জাঁতা, হুঁকা, ঝাঁজর, খড়ম, গান্টার শিকল, হামানদিস্তা, রেডিও, ভিসিআরসহ প্রায় ৪০০ কৃষি ও সাংস্কৃতিক উপকরণ। রয়েছে ১৮৩টি দেশের ডাকটিকিটের সংগ্রহও।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীরাও এসেছেন ফকিরবাড়ি পল্লী যাদুঘরে। এরমধ্যে পারভেজ হাসান, জামিল, সৌরভ ও নওশীন জানিয়েছেন, একসময় যেসব জিনিস ছিল গ্রামীণ জীবনের নিত্যসঙ্গী, আজ সেগুলোর অনেক কিছুই নতুন প্রজন্মের কাছে অপরিচিত। কেউ হয়তো ঢেঁকি দেখেছে শুধু বইয়ের ছবিতে, কেউ হারিকেনের আলোয় পড়াশোনার অভিজ্ঞতা কখনো পায়নি। আবার কারও কাছে গ্রামোফোন কিংবা ভিসিআর কেবল পুরোনো দিনের গল্প। ফকিরবাড়ি পল্লী জাদুঘরে এসে এসব উপকরণ ছুঁয়ে দেখার পাশাপাশি সেসব সময়ের জীবনযাত্রা সম্পর্কে জানার সুযোগ মিলছে। তাদের মত দূরদূরান্ত থেকেও দর্শনার্থীরা আসছেন এই সংগ্রহ দেখতে।

আতিকুর রহমানের এই উদ্যোগের পেছনে রয়েছে দীর্ঘদিনের ভালোবাসা ও একাগ্রতা। ২০০৫ সালে তিনি যখন রংপুরের কারমাইকেল কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী, তখন থেকেই টিউশনির পাশাপাশি লেখালেখি শুরু করেন। আদিল ফকির নামে লেখালেখির জগতে পরিচিতি গড়ার পাশাপাশি পুরোনো জিনিসপত্র সংগ্রহের নেশা তাকে পেয়ে বসে। তার উপলব্ধি ছিল, বিজ্ঞান ও আধুনিকতার কল্যাণে সমাজ এগিয়ে যাবে, বদলে যাবে জীবনযাত্রা; কিন্তু সেই পরিবর্তনের পথে যেন হারিয়ে না যায় মা, মাটি ও শেকড়ের স্মৃতি। 

এই ভাবনা থেকেই ২০১৩ সালে গ্রামের বাড়ির পাশে ১০ শতক জমি কেনেন তিনি। ২০১৬-১৭ সালের দিকে সেখানে জাদুঘরের জন্য নির্মাণ করেন একটি আধাপাকা ঘর। ধীরে ধীরে সংগ্রহ করা পুরোনো সামগ্রী নিয়ে আসতে শুরু করেন। বর্তমানে দুই একর ৩১ শতাংশ জমির ওপর বিস্তৃত ফকিরবাড়ি পল্লীী জাদুঘর। রয়েছে পদ্মদিঘি। দিঘির পাশে অতীতের দুর্গম গ্রামীণ পথের স্মৃতি ফিরিয়ে আনতে তৈরি করা হয়েছে বাঁশের সাঁকো। গ্রামবাংলার চিরচেনা পরিবেশ তুলে ধরতে তৈরি করা হচ্ছে কুঁড়েঘরও।

তবে জাদুঘর প্রতিষ্ঠার গল্পে আছে মজার এক অধ্যায়। শুরুতে নিজের স্বপ্নের কথা মা-বাবাকেও জানাতে পারেননি আতিকুর। জাদুঘর নির্মাণের কথা না বলে পরিবারকে বুঝিয়েছিলেন, সেখানে খামার করবেন, ভুট্টার ব্যবসা করবেন। পরিবারও তাতে সমর্থন দিয়েছিল। কিন্তু তার মনের ভেতরে তখন অন্য স্বপ্ন, একটি জাদুঘর গড়ে তোলা। ঘর নির্মাণ শেষ হলে ধীরে ধীরে সেখানে জিনিসপত্র সংগ্রহ করে সাজাতে থাকেন। একসময় পরিবারের কাছে তার আসল উদ্দেশ্য প্রকাশ পায়। পরে পরিবারের সদস্যরাও মেনে নেন তার ব্যতিক্রমী উদ্যোগ।

আতিকুর রহমান বলেন, জাদুঘরের কথা কিন্তু মা-বাবাকে বলা যায়নি। বলতে হয়েছে খামার বানাব। তখন পরিবার সমর্থন করে। বলি, ভুট্টার ব্যবসা করব। কিন্তু আমার টার্গেট হলো কীভাবে জাদুঘর বানানো যায়। ২০১৬ সালে যখন দেখলাম ঘরটা বানানো হয়ে গেল, তখন জিনিসপত্র ধীরে ধীরে নিয়ে আসা শুরু করি। একসময় পরিবার জানতে পেরে মেনে নেয়।

ফকিরবাড়ি পল্লী জাদুঘরের সবচেয়ে আবেগঘন দিক হলো, এখানকার প্রতিটি সামগ্রীর সঙ্গে জড়িয়ে আছে কোনো না কোনো মানুষের স্মৃতি। অনেকেই নিজেদের ব্যবহার করা কিংবা পূর্বপুরষের স্মৃতিবিজড়িত জিনিস স্বেচ্ছায় তুলে দিচ্ছেন এই সংগ্রহশালায়। প্রতিটি সামগ্রীর দাতার নাম উল্লেখ করে প্রদর্শনের উদ্যোগও নিয়েছেন আতিকুর।

আতিকুরের স্বপ্ন এখানেই শেষ নয়। তিনি চান, ফকিরবাড়ি পল্লী জাদুঘর হয়ে উঠুক গ্রামীণ সংস্কৃতি, সৃজনশীলতা ও সামাজিক কর্মকান্ডের প্রাণকেন্দ্র। এখানে নিয়মিত বাজবে পুরোনো দিনের গান, হবে কবিতা পাঠের আসর। স্থানীয় মৃৎশিল্পীরা তাঁদের শিল্পকর্ম প্রদর্শনের সুযোগ পাবেন। আয়োজন করা হবে স্বাস্থ্যশিবির ও বনজ সংগ্রহ মেলা। পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত ফসল বিক্রির ব্যবস্থাও রাখতে চান তিনি। জাদুঘরের প্রতিটি বিষয় থাকবে অর্থবহ, স্মৃতি, শিক্ষা ও সভ্যতার প্রতিফলন।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ জানিয়েছেন, এটি ভালো একটা উদ্যোগ। আমাদের রংপুরের জন্য গর্বের বিষয়। লোকমুখে শুনে নিজ উদ্যোগে ফকিরবাড়ি পল্লী যাদুঘর দেখেছি। মুল সড়ক থেকে যাদুঘর পর্যন্ত কাঁচা সড়ক। দর্শনার্থীদের যেতে কষ্ট হয়। আর এই উদ্যোগ দেশের সম্পদ হিসাবে কাজ করবে সে জন্য কাঁচা সড়কটি পাকা করনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী দেড় মাসের মধ্যে পাকা করন কাজ শেষ হবে। মিঠাপুকুর উপজেলার যে কোন ভালো কাজের সাথে যুক্ত থাকবেন বলেও তিনি জানান। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ মনে করেন, আতিকুর রহমানের এউ উদ্যোগ অনন্য। তার কর্মস্পৃহা, আগ্রহ ও আবেগের সমন্বয়ে ফকিরবাড়ি পল্লী জাদুঘর শুধু রংপুরের নয়; গোটা দেশের সম্পদ।এটি ইতিহাস-ঐতিহ্যের একটি বড় সংগ্রহশালায় পরিণত হবে। ফেলে আসা দিনের জিনিসগুলো ছাড়া গ্রামীণ জীবন কল্পনাই করা যেতো না, সেগুলোই আজ হারিয়ে যাওয়ার পথে। কিন্তু একটি প্রজন্মের কাছে যা পুরোনো, পরবর্তী প্রজন্মের কাছে তা-ই হতে পারে ইতিহাসের অমূল্য পাঠ। আতিকুর রহমান সেই উপলব্ধি থেকেই গড়ে তুলেছেন তার স্বপ্নের জগৎ।

ফকিরবাড়ি পল্লী জাদুঘরে গেলে বোঝা যায়, ইতিহাস শুধু বইয়ের পাতায় লেখা থাকে না; কখনো তা লুকিয়ে থাকে একটি পুরোনো সিন্দুকে, একটি দোতারায়, ঢেঁকির কাঠে কিংবা হারিকেনের কাছে। সেসব স্মৃতি যত্ন করে আগলে রাখার মধ্যেই বেঁচে থাকে শেকড়ের পরিচয়। আধুনিকতার এই দৌড়ে তাই ফকিরবাড়ি পল্লী জাদুঘর যেন নীরবে বলে যায় সামনে এগিয়ে যেতে হলে পেছনে ফেলে আসা শেকড়কেও মনে রাখতে হয়।

বিভি/এসজি

মন্তব্য করুন: