• NEWS PORTAL

  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ফটোজিয়াম ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু, ৯ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠন

প্রকাশিত: ২২:৪০, ৩ অক্টোবর ২০২৬

আপডেট: ২২:৫১, ৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ফটোজিয়াম ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু, ৯ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠন

দেশের ছবি-কেন্দ্রিক জাদুঘর প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশ সরকারের নিবন্ধনপ্রাপ্ত ‘ফটোজিয়াম ফাউন্ডেশন’। শনিবার (৩ অক্টোবর) ঢাকায় ফাউন্ডেশনটির প্রথম ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এই সভার মধ্য দিয়ে ফটোজিয়ামের প্রাতিষ্ঠানিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

দেশের নয়জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে গঠিত ট্রাস্টি বোর্ডের নেতৃত্বে আজীবন সভাপতি হিসেবে থাকছেন ফটোজিয়ামের প্রতিষ্ঠাতা, একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী নাসির আলী মামুন।

ফটোজিয়ামের উদ্যোগের মূল লক্ষ্য ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে ঢাকায় একটি ছবি-কেন্দ্রিক জাদুঘর প্রতিষ্ঠা করা। উদ্যোক্তাদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রথম ছবি-কেন্দ্রিক জাদুঘর। জাদুঘর প্রতিষ্ঠায় দেশ-বিদেশের সংস্কৃতিমনা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ট্রাস্টি বোর্ড।

পরিকল্পনা অনুযায়ী, ফটোজিয়ামের স্থায়ী সংগ্রহ ও প্রদর্শনীতে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের খ্যাতিমান ব্যক্তিত্বদের নির্বাচিত পোর্ট্রেট, হস্তাক্ষর, অটোগ্রাফ, পাণ্ডুলিপি, ডায়েরি, চিঠিপত্র ও ব্যবহৃত বিভিন্ন সামগ্রী স্থান পাবে। এর পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের হাতে আঁকা চিত্রকর্ম ও আত্মপ্রতিকৃতিও প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

নাসির আলী মামুনের প্রায় ছয় দশকের সংগ্রহ থেকে সংগৃহীত অপ্রকাশিত অডিও-ভিজ্যুয়াল উপাদানও আধুনিক কিউরেটেড পদ্ধতিতে সংরক্ষণ ও প্রদর্শন করা হবে। থাকবে জেলাটিন সিলভার প্রিন্ট ও বিভিন্ন দুর্লভ নেগেটিভ।

ফটোজিয়াম কর্তৃপক্ষ মনে করে, একটি আলোকচিত্র শুধু একটি ছবি নয়; এর মধ্যে কোনো ব্যক্তির জীবন, একটি সময়ের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, ঐতিহাসিক ঘটনা কিংবা হারিয়ে যাওয়া সময়ের স্মৃতি সংরক্ষিত থাকতে পারে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকচিত্রকে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণ করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, নাসির আলী মামুন ছয় দশকের বেশি সময় ধরে দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতিমান ব্যক্তিত্বদের প্রতিকৃতি ধারণের পাশাপাশি তাঁদের হস্তাক্ষর, অডিও-ভিডিওসহ বিভিন্ন উপাদান সংগ্রহ ও সংরক্ষণ করে আসছেন। তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত সংগ্রহ, অভিজ্ঞতা ও গবেষণার ভিত্তির ওপর ফটোজিয়ামের মূল সংগ্রহ ও ধারণাগত কাঠামো গড়ে উঠেছে।

তবে ফটোজিয়ামকে শুধু ব্যক্তিগত আলোকচিত্র প্রদর্শনের স্থান হিসেবে নয়, ছবি, মানুষ, সময় ও ইতিহাস সংরক্ষণের একটি জনকল্যাণমূলক সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে ফাউন্ডেশন। প্রথম ট্রাস্টি বোর্ডের সভার মধ্য দিয়ে দীর্ঘদিনের এই উদ্যোগ এখন আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

ফটোজিয়াম প্রতিষ্ঠার কাজে দেশবাসীর সমর্থন ও প্রত্যক্ষ সহযোগিতা চেয়েছে ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড।

ফটোজিয়াম ফাউন্ডেশনের নয় সদস্যের ট্রাস্টি বোর্ডে সভাপতি নাসির আলী মামুন, সাধারণ সম্পাদক মীর মঈনুল ওমর এবং কোষাধ্যক্ষ কে. এম. হারিস আদিল। সদস্য হিসেবে রয়েছেন আনিসুল হক, ড. বিমল গুহ,  ড. মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিক, ড. সাইমন জাকারিয়া, ড. কুদরত-ই-হুদা ও ফকির মোহাম্মদ আব্দুল মান্নান।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত