চট্টগ্রামে ট্রাক-সিএনজি সংঘর্ষে গুরুতর আহত একই পরিবারের ৪ জন
চট্টগ্রামের আনোয়ারায় ইটবাহী ডাম্পার ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ সড়কের কালাবিবির দিঘির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- কার্তিক ধর (৩০), ইকন ধর (১৯), ইটান ধর (১০) এবং অটোরিকশাচালক টুন্টু জলদাশ (৩০)। তারা সবাই বাঁশখালী উপজেলার কালিপুর এলাকার বাসিন্দা এবং সম্পর্কে একই পরিবারের সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে বাঁশখালীগামী অটোরিকশাটি কালাবিবির দিঘির মোড়ের উত্তর পাশে পৌঁছালে বিপরীতমুখী একটি ইটবাহী ডাম্পার মিনি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি প্রায় ১০০ গজ দূরে ছিটকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ইকন ধর ও অটোরিকশাচালক টুন্টু জলদাশের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত ডাম্পার ট্রাক ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। ঘটনার পরপরই ডাম্পার ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: