চট্টগ্রামে অভিযান, যুবলীগের খাগড়াছড়ির দুই নেতাসহ ৪ আসামি গ্রেফতার
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের খাগড়াছড়ির দুই নেতাসহ বিভিন্ন মামলার সাজা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান খাগড়াছড়ি সদর থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কায় কিসলু।
পুলিশ জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন-খাগড়াছড়ি পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, পৌর যুবলীগের সদস্য মো. তারেক আজিজ সাজা পরোয়ানাভুক্ত মো. শুকুর আলী এবং মো. রিয়াজ মিয়া।।
পুলিশের তথ্য অনুযায়ী, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের সেপ্টেম্বরের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ ২০২৪, ২০২৫ ও এর আগের কয়েক বছরের বিভিন্ন মামলায় তাকে এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানায় উপ-পরিদর্শক মো. সুলতান মাহমুদ সাকিলের নেতৃত্বে পুলিশের একটি দল বায়েজিদ বোস্তামী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় দেলোয়ার হোসেন ও তারেক আজিজকে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু বলেন, শুকুর আলী খাগড়াছড়ি সদর থানার একটি মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়ে সাজা পরোয়ানাভুক্ত ছিলেন। তার বিরুদ্ধে ২০০৮ সালের হত্যা মামলাসহ আরও একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। রিয়াজ মিয়া খাগড়াছড়ি সদর থানার একটি চুরি ও চোরাই মাল সংক্রান্ত মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়ে সাজা পরোয়ানাভুক্ত ছিলেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) তাদেরকে আদালতে তোলা হবে।
বিভি/এসজি













মন্তব্য করুন: