• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ভবনের পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সত্যজিৎ দাস ধ্রুব, ভৈরব 

প্রকাশিত: ১৮:২২, ২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ভবনের পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে ৭ তলা ভবনের পাইলিং স্থাপনের কাজ করতে গিয়ে শান্ত মিয়া (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টায় পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের গোধূলি সিটি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শান্ত মিয়া ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের রুহুল আমিনের ছেলে। আহতরা হলেন একই এলাকার মৃত আব্দুল হাই মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৫) ও আবুল মিয়ার ছেলে মিন্টু মিয়া (২০)। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন ধরে গোধূলি সিটি এলাকায় আরিফুল ইসলাম সেন্টু নামে এক ব্যক্তির ৭ তলা ভবনের পাইলিংয়ের কাজ চলছিলো। বেশ কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিলেন। শুক্রবার (২ অক্টোবর) কাজ করার সময় সকাল আনুমানিক ৮টার দিকে পাইলিংয়ের জন্য ৭০ ফুট লম্বা লোহার খাঁচা গর্তে ঢোকানোর সময় ক্রেনের হুক ছিঁড়ে যায়। এ সময় লম্বা খাঁচাটি পার্শ্ববর্তী বিদ্যুতের এইচটি (HT) লাইনের ক্যাবলে গিয়ে পড়লে খাঁচাটি বিদ্যুতায়িত হয়। এতে তিন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে মালিকপক্ষের লোকজন ও অন্যান্য শ্রমিকরা স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিবা জুঁই আহত দুই শ্রমিক সোহেল মিয়া ও মিন্টু মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিশোরগঞ্জ সদর  হাসপাতালে রেফার করেন এবং শান্ত মিয়াকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী হাসান মিয়া বলেন, আমি সকালে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় পাইলিং দেখতে দাঁড়াই।তখন দেখি লম্বা লোহার খাঁচাটি ক্রেন ও শ্রমিকদের সহায়তায় গর্তে ঢোকানোর সময় পাশে থাকা বিদ্যুতের এইচটি লাইনে গিয়ে পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শান্ত মিয়াকে মৃত ঘোষণা করা হয় এবং বাকি দুজনকে কিশোরগঞ্জ হাসপাতালে রেফার করা হয়।

ভবনের মালিক আরিফুল ইসলাম সেন্টু বলেন, শ্রমিকরা কাজ করার সময় ক্রেনের হুক ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। যথাসাধ্য সবকিছু মেনে সতর্কতার সঙ্গেই শ্রমিকরা কাজ করছিলেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই কাম্য নয়। শান্ত মিয়ার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা ভৈরবের উদ্দেশে রওনা দিয়েছেন।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শান্ত মিয়া নামে এক নির্মাণ শ্রমিক মারা যান। হাসপাতাল থেকে লাশ থানায় আনা হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। নিহতের পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত