• NEWS PORTAL

  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

রান্নার কাজে ব্যস্ত ছিলেন মা, পুকুরে পড়ে প্রাণ গেল ২ বছরের শিশুর

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৯, ৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রান্নার কাজে ব্যস্ত ছিলেন মা, পুকুরে পড়ে প্রাণ গেল ২ বছরের শিশুর

ফেনীর পরশুরামে বাড়ির পুকুরের পানিতে ডুবে আরিফা সুলতানা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফা সুলতানা ওই গ্রামের মুহাম্মদ পলাশের মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাড়িতেই ছিলো শিশু আরিফা। তার মা রান্নাঘরে দুপুরের খাবার তৈরিতে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে কোনো একপর্যায়ে শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে পানি থেকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরিফার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। যে সময়ে বাড়িতে দুপুরের খাবার তৈরির ব্যস্ততা চলছিল, সেই সময়েই পরিবারের আদরের শিশুর এমন করুণ মৃত্যুতে স্বজনরা যেন বাকরুদ্ধ হয়ে পড়েন।

স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। সন্তানকে হারিয়ে মা-বাবার কান্নায় সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা বারবার শিশুটির কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণ আগেও যে শিশু বাড়ির আঙিনায় ছিল, তার নিথর দেহ ফিরে আসায় স্বজনদের মধ্যে নেমে আসে গভীর বেদনা।

স্থানীয়রাও শিশুটির আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ছোট্ট আরিফার এমন মৃত্যু পরিবারটির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে এসেছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত