রাজবাড়ীর পাংশা থেকে ৪২টি ককটেল উদ্ধার
রাজবাড়ীর পাংশা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। শুক্রবার (৯ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
এসআরবি-১০ সূত্রে জানা যায়, অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে পাংশা পৌর সভার বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমবাগান থেকে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ৪২টি ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো অবিস্ফোরিত অবস্থায় ছিলো।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার বলেন, উদ্ধার করা ককটেলগুলো ব্যবহার করে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে এসআরবি-১০ শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায়আনতে দৃঢ়প্রতিজ্ঞ।
বিভি/এসজি













মন্তব্য করুন: