• NEWS PORTAL

  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ৬

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৪, ২৯ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:৪৪, ২৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ৬

শরীয়তপুরের জাজিরার নাওডোবায় দুটি বাসের সংঘর্ষে এনা এক্সপ্রেসের এক সুপারভাইজার নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ছয় জন যাত্রী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা- সেতুর জাজিরা প্রান্তে এ দূর্ঘটনা ঘটে। 

নিহত মোহাম্মদ নজরুল ইসলাম (৪৮) পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া এলাকার সাত্তার হাওলাদারের ছেলে। তিনি এনা এক্সপ্রেসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে নড়াইল এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৩৭৭) নাওডোবায় যাত্রী ওঠানোর জন্য মহাসড়কে থামে। এ সময় পেছন থেকে আসা পটুয়াখালী থেকে ঢাকাগামী এনা এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-১৪৭২) সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে এনা এক্সপ্রেসের সুপারভাইজার নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন দুই বাসের ছয় যাত্রী। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালু বেপারী কান্দি এলাকার লাইফ জোন হাসপাতালে নিয়ে যান। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 এ ব্যাপারে জানতে চাইলে মুঠোফোনে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে যায়। এই ঘটনায় একজন নিহত হয়েছেন আহত হয়েছেন ৬ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বাস দুটি আমাদের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত