কোস্ট গার্ডের জাহাজের ধাক্কায় গমবোঝাই জাহাজে ফাটল
বরিশালের কীর্তনখোলা নদীতে কোস্ট গার্ডের একটি জাহাজের ধাক্কায় বরিশাল খাদ্য বিভাগের জন্য বহনকারী গমবাহী কার্গো ডিবী পাপীয়ার তলা ফেটে গেছে। গমের বেশির ভাগই উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক।
শুক্রবার (৩০ অক্টোবর) আনুমানিক সকাল ৮টার দিকে কীর্তনখোলা নদীতে এ ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত কার্গোর ইনচার্জ মানিক হোসেন জানান, কোস্ট গার্ডের একটি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে গম বোঝাই জাহজকে ধাক্কা দেয়। এতে গম বোঝাই জাহাজের তলা ফেটে যায়। এ সময় আশেপাশে থাকা কয়েকটি স্পিড বোটও ক্ষতিগ্রস্থ হয় বলে জানান স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক।
ফেটে যাওয়া কার্গোর স্টাফদের চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধারে এগিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কোস্ট গার্ড ও পুলিশ উদ্ধার কাজ করে।
এতে কার্গোটি ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। গমের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে বেশিরভাগ ই রক্ষা পেয়েছে উদ্ধারকারীদের চেস্টায়। গমবাহী কোস্টারটি খুলনা সাইলো থেকে ৩০০ টন গম বহন করে বরিশাল নিয়ে আসে। খাদ্য বিভাগের জেটিতে খালাসের অপেক্ষায় থাকাকালে আজ সকালে ওই দুর্ঘটনা ঘটে।
বরিশাল জেলা প্রশাসক সুমন খন্দকার জানান, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
বরিশাল খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক জানিয়েছেন, এতে তাদের ৭০ ভাগ গম সুরক্ষিত থাকলেও ৩০ ভাগ গম নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: