• NEWS PORTAL

  • শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

যানজটে যাত্রীদের দুর্ভোগ 

ভৈরবে রোকন হত্যা মামলার আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ

ভৈরর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২২, ৩০ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:২৪, ৩০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ভৈরবে রোকন হত্যা মামলার আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ

‎কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদ এলাকায়  রোকন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী।
‎

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে সাড়ে  ১১টা পর্যন্ত উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এ সময় আন্দোলনকারীরা আঞ্চলিক সড়কে  অবস্থান নিয়ে যানবাহন  চলাচল বন্ধ করে দেন। দেড়  ঘণ্টাব্যাপী অবরোধের কারণে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম  ভোগান্তিতে পড়তে হয়।
‎
‎অবরোধ চলাকালে আন্দোলনকারীরা থানার  ওসিকে  ভুয়া ভুয়া,  ঘুষখোর ঘুষখোর বলে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এসময় ওসি মো. মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। রোকন হত্যাকাণ্ডের ঘটনা একমাস অতিবাহিত হলেও এখনও পর্যন্ত খুনীদেরকে গ্রেফতার করতে না পারায় পুলিশের ব্যর্থতা বলে আন্দোলনকারীরাসহ নিহতের পরিবার দাবি করেন। 
‎
গত ২৯ সেপ্টেম্বর সকালে বাড়ীর পাশে হাত-পা বাঁধা অবস্থায় রোকনের লাশ গাছে ঝুলন্ত ছিলো। খবর পেয়ে পুলিশ তার লাশ এদিন উদ্ধার করে। উপজেলার কালিকাপ্রসাদ এলাকার ছাত্তার মিয়ার ছেলে নিহত রোকন। সে সিঙ্গাপুর প্রবাসী ছিল। ছুটিতে দেশের এসে নিজ বাড়ীর আঙ্গীনায়  রোকন হত্যার শিকার হয়। ঘটনার রাতে কে বা কারা তাকে বাসা থেকে ডেকে নেয়ার পরদিন সকালে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে নিহতের বাবা থানায় একটি হত্যা মামলা করলেও এখনও পর্যন্ত কোন অপরাধীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এতে তার পরিবার ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আজ শুক্রবার সকালে সড়ক অবরোধ ও মানববন্ধন করে। 
‎
‎আন্দোলনকারীরা জানান, প্রবাসী রোকন হত্যাকাণ্ডের পরদিন  ভৈরব থানায় মামলা করা হয়। হত্যার প্রায় একমাস অতিবাহিত  হলেও পুলিশ এই নির্মম নিষ্ঠুর  হত্যার রহস্য উন্মোচন করতে পারেনি। গত শুক্রবার স্থানীয় লোকজন মানববন্ধন কর্মসূচি পালন করতে চাইলে ওসি মাহবুবুর রহমান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীর সফরের দোহাই দিয়ে মানববন্ধন স্থগিত করার জন্য অনুরোধ করেন  এবং এক সপ্তাহের মধ্যে খুনের রহস্য উন্মোচন করে প্রকৃত আসামিদের গ্রেফতারের আশ্বাস দেন। কিন্তু সময় পার হলেও  হত্যাকাণ্ডের বিষয়ে কোন অগ্রগতি দেখাতে পারেনি পুলিশ। 

তারা বলেন, ভৈরব থানা পুলিশ ব্যর্থ হওয়ায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান শৈলি  গত ২৪ অক্টোবর মামলাটি জেলার  ডিবি পুলিশকে তদন্তের  দায়িত্ব দেন। এসময় আন্দোলনকারীরা বলেন, হত্যার আসামি গ্রেফতার ও সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। 
‎
‎মানববন্ধন শুরুর প্রায় ১ঘন্টা পর ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান একাধিক পুলিশ অফিসার ও ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে যান। ওসি তখন আন্দোলনকারীদের আশ্বস্ত করেন থানা পুলিশ, ডিবি পুলিশসহ প্রশাসনের বিভিন্ন সংস্থা মামলাটি নিয়ে কাজ করছেন। তিনি তখন আন্দোলনকারীদের সময় দিতে বলেন। পরে আন্দোলনকারীরা ওসির আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিলে সকাল সাড়ে ১১ টায়  যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
‎
‎আন্দোলনকারীদের মধ্যে বক্তব্য রাখেন, রোকনের বাবা ছাত্তার মিয়া, কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপি সহ সভাপতি লোকমান  হোসেন, ইউনিয়ন ছাত্রদল আহবায়ক নয়ন মিয়া, জেলা ছাত্রদল নেতা রবিন মিয়া, মাওলানা আজিজ মিয়া প্রমুখ।

‎এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, রোকন হত্যাকান্ডের মামলার তদন্ত ডিবির কাছে দায়িত্ব দেয়া হয়েছে। পুলিশ - ডিবি সমন্বয়ে তদন্ত কাজ করছে। ঘটনাটি ক্লোবিহীন হত্যাকান্ড। তাই বিভিন্ন উপায়ে বা কৌশলে  তদন্ত করা হচ্ছে। শীঘ্রই অপরাধীদের সনাক্ত করে গ্রেফতার করা হবে, তার দাবি। 

‎

বিভি/এআই

মন্তব্য করুন: