টিকটকে নেগেটিভ কমেন্ট করায় ব্রাহ্মণবাড়িয়ায় বর্শা-বল্লম নিয়ে সংঘর্ষ
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিওতে নেগেটিভ কমেন্টকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সোহাগপুরে গ্রামের আবিরপাড়া গোষ্ঠীর সিয়াম ও ফাহাদ এবং নাকরপাড়া গোষ্ঠীর আরিফ ও বক্কর চার বন্ধু। বৃহস্পতিবার টিকটক ভিডিও নিয়ে সিয়াম ও ফাহাদের সঙ্গে আরিফ ও বক্করের ঝগড়া হয়। এর জের ধরে শুক্রবার উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
শনিবার বিষয়টি মীমাংসা করতে আশুগঞ্জ বাজারে শালিসের আয়োজন করা হয়। সেখানে বিষয়টি মীমাংসা হলেও উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আশুগঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, টিকটকে কমেন্ট করা নিয়ে শুক্রবার দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। সেটির সমাধানে আজ শনিবার সকালে পুলিশের উপস্থিতিতে আশুগঞ্জ বাজারে সালিশ বৈঠক হয় এবং বিষয়টি মীমাংসাও করা হয়। সালিশ বৈঠক শেষে পুলিশ চলে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের আশঙ্কায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বাজারে।
বিভি/এজেড













মন্তব্য করুন: