• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৩, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী-কৈখালী মাদার নদীর সেতুর ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাজারো জেলে, বাওয়ালি ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন সুন্দরবন। মাছ ও কাঁকড়া আহরণ এবং বনজ সম্পদ সংগ্রহ করে হাজারো পরিবার জীবিকা নির্বাহ করে। কিন্তু বনদস্যুদের অপতৎপরতা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের আতঙ্কে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জীবিকার তাগিদে বনে গিয়েও নিরাপত্তাহীনতায় ভুগছেন জেলে-বাওয়ালিরা।

বক্তারা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান জোরদারের দাবি জানান। একই সঙ্গে অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার, মুক্তিপণ আদায় বন্ধ এবং বনদস্যুদের দমনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী শহিদুজ্জামান শহিদ। প্রধান অতিথি ছিলেন বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন।

এ সময় বক্তব্য দেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ-আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম লিটন, জেলেদের পক্ষে আব্দুল গণি ওরফে টাইগার গণি ও শফিকুল ইসলাম এবং উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিমসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আক্তার হোসেন।

মানববন্ধনে অংশ নেওয়া জেলে ও বাওয়ালিরা নিরাপদে সুন্দরবনে যাতায়াত এবং নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার পাশাপাশি উপকূলীয় মানুষের জীবন-জীবিকা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: