• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

দুপাড়ে আটকা ২০০ যানবাহন

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৫, ১৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ

ফেরি ও বাল্কহেডের সংঘর্ষে এক মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় ফেরির মাস্টারকে আটকের প্রতিবাদে শনিবার ভোর ৪টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে নৌরুটের উভয় প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে অন্তত ২০০টি যানবাহন।

ফেরি কর্মকর্তা-কর্মচারীরা জানান, কাকলী ফেরির মাস্টার মো. মোশাররফ হোসেনকে নৌপুলিশ আটক করার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। আটক মাস্টারকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা করবেন না তারা। তবে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন পারাপার করা হবে না।

আটক মো. মোশাররফ হোসেন প্রথম শ্রেণির সনদধারী একজন মাস্টার বলে জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরির মাস্টারকে আটকের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। এতে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের নরসিংহপুর ফেরিঘাটের কাছাকাছি পদ্মা নদীতে কাকলী ফেরির সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাকের চাপায় তরিকুল ইসলাম (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও চার শিক্ষার্থী।

নিহত তরিকুল গোসাইরহাট উপজেলার মাইজারি গ্রামের বাসিন্দা এবং শরীয়তপুর থানা-সংলগ্ন সাওতুল কোরআন ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী ছিল। গত ১০ নভেম্বর মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে শিক্ষা সফরে কক্সবাজার ও বান্দরবানে গিয়েছিল সে। সফর শেষে শুক্রবার চাঁদপুরের হরিনা ফেরিঘাট থেকে কাকলী ফেরিতে শরীয়তপুরে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, ফেরির সামনের অংশে অবস্থান করছিল শিক্ষার্থীরা। বাল্কহেডের সঙ্গে সংঘর্ষের পর ফেরিতে থাকা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে তরিকুল নিহত এবং চার শিক্ষার্থী আহত হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় শরীয়তপুর ও চাঁদপুরের উভয় প্রান্তে অন্তত ২০০টি যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকদের ভোগান্তি বাড়ছে।
 

বিভি/এআই

মন্তব্য করুন: