৪ দিন ধরে শূন্যরেখায় এক নারী, নিচ্ছে না বাংলাদেশ-ভারত কেউই
ছবি: সংগৃহীত
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা সীমান্ত দিয়ে এক নারীকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএএফ। তবে চার দিন ধরে বিজিবির বাধায় তিনি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দেশেই প্রবেশ করতে না পেরে ওই নারী শূন্যরেখায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন। ঘটনাটি ঘটেছে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার সকালে ওই নারীকে পুশ ইনের চেষ্টা করা হয়। তবে এলাকাবাসীকে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করেন। বিষয়টি নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত তৎপর থাকবে বিজিবি।
বিজিবি ও স্থানীয়রা জানান, ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে ৩০ বছর বয়সী এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।
এ সময় বিজিবি ও এলাকাবাসীর বাধার মুখে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই নারী শূন্যরেখায় অবস্থান নেন। এরপর থেকে খোলা আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করে সেখানে থাকছেন তিনি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না ওই নারী।
পাথরের চর এলাকার বাসিন্দা কামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘চার দিন থেকে এক নারী দুই দেশের মধ্যে আছে। কেউ নেয় না। দেখে পাগলির মত মনে হয়।’
বিভি/এআই













মন্তব্য করুন: