• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ছোট ছেলের দাফনের আগেই বড় ছেলের মৃত্যুর খবর

কয়লার আগুনে দগ্ধ হয়ে প্রাণ গেল দুই হাফেজ ভাইয়ের!

প্রকাশিত: ১৩:০৭, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কয়লার আগুনে দগ্ধ হয়ে প্রাণ গেল দুই হাফেজ ভাইয়ের!

ছবি: সংগৃহীত

কাপড় ইস্ত্রি করার জন্য বাটিতে জ্বালানো কয়লা ব্যবহার করছিল দুই ভাই। অসাবধানতাবশত সেই কয়লা থেকেই ঘরে আগুনের সূত্রপাত। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। এতে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে একই পরিবারের দুই হাফেজ ভাই। ছোট ভাইয়ের দাফনের প্রস্তুতি চলার মধ্যেই বড় ভাইয়ের মৃত্যুর খবর আসে। মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

নিহত দুই ভাই হলো ওমর ফারুক (১৩) ও মো. আবদুল্লাহ (১৬)। তারা কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনা এলাকার বাসিন্দা। তাদের বাবা স্থানীয় একটি মসজিদের খতিব মৌলানা ফজল কাদের। দুই ভাই চকরিয়া তাহজীবুল উম্মাহ দাখিল মাদ্রাসার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর রাত ১২টার দিকে কাপড় ইস্ত্রি করার জন্য স্টিলের টিফিন বক্সে জ্বালানো কয়লা ব্যবহার করছিল দুই ভাই। এ সময় অসাবধানতাবশত কয়লা থেকে ছিটকে পড়া স্ফুলিঙ্গ পাশের শুকনো কাপড় ও বিছানায় লাগে। এতে মুহূর্তের মধ্যে ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুতর দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে ছোট ভাই ওমর ফারুক মারা যায়। একই দিন রাত সাড়ে ৮টার দিকে বড় ভাই আবদুল্লাহও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ছোট ছেলের দাফনের প্রস্তুতি চলার সময়ই বড় ছেলের মৃত্যুর খবর পান বাবা-মা। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মৌলানা ফজল কাদের ও তার পরিবারের সদস্যরা।

আগুনে পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছে পরিবারটি। দুই সন্তানের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ঘটনার খবর পেয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির হাতে নগদ অর্থ, নতুন আসবাবপত্র ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন ইউএনও।

বিভি/এনএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত