আট দিনেও ফেরেননি অপহৃত চার জেলে, নতুন করে জিম্মি আরও ২
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুদের হাতে অপহৃত চার জেলে আট দিনেও বাড়ি ফিরতে পারেননি। মুক্তিপণের টাকা দিতে না পারায় তাদের মুক্তি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্বজনরা। এরই মধ্যে নতুন করে আরও দুই জেলেকে অপহরণ করেছে দস্যুরা। তবে, জেলে অপহরণের বিষয়ে বনবিভাগ কিছুই জানেন না বলে জানিয়েছেন।
অপহৃত চার জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর গ্রামের আব্দুল হাকিম (৪০), বাবু গাজী (২৩), শোকর আলী (৩৩) ও আব্দুর রাজ্জাক (৩৭)।
তাদের স্বজনদের দাবি, প্রত্যেকের মুক্তির জন্য দুই লাখ টাকা করে দাবি করেছে বনদস্যুরা। মুক্তিপণের অঙ্ক বেশি হওয়ায় এতো টাকা সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
অপহৃত জেলেদের স্বজন ও সহযোগীরা জানান, গত ১০ নভেম্বর সুন্দরবনের কলাগাছিয়াসহ আশপাশের এলাকা থেকে পাঁচ জেলেকে অপহরণ করে দুটি দস্যু বাহিনী। শোকর আলী, আব্দুর রাজ্জাক ও আব্দুল হাকিমকে বনদস্যু ভাই ভাই বাহিনী এবং আশরাফুল ও বাবু গাজীকে বনদস্যু আমির আলী বাহিনী অপহরণ করে। অপহৃত ৫ জনের মধ্যে আশরাফুল দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে গত এক দিন আগে বাড়ি ফেরেন। তবে বাকি চারজন এখনো মুক্তি পাননি।
এদিকে, ফিরে আসা জেলেদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার রাতে কলাগাছিয়ার পার্শ্ববর্তী এলাকা থেকে বিল্লাল ও সিদ্দিক গাজী নামে আরও দুই জেলেকে অপহরণ করে সাত সদস্যের একটি বনদস্যু দল। আলম সানা বাহিনীর পরিচয়ে তাদের অপহরণ করা হয়েছে। তবে তাদের মুক্তিপণের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক শাহিনুর ইসলাম জানান, জেলে অপহরনের বিষয়ে তারা কিছুই জানেন না। তাদের কাছে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগও দেননি। তবে, অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি অরো জানান, নিরাপত্তার কথা চিন্তা করে জেলে অপহরণ ও মুক্তিপণের বিষয়ে বনবিভাগের কাছে অপহৃত জেলেদের পরিবারের পক্ষ থেকে কেউ কোন তথ্য দিতে চান না।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, জেলে অপহরণের ঘটনায় থানায় কেউ মৌখিক বা লিখিত অভিযোগ করেননি। তবে বিষয়টি খোঁজখবর নেওয়ার পাশাপাশি মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
বিভি/এআই













মন্তব্য করুন: