রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব শুরু
রাঙ্গামাটি রাজবন বিহারে বেইন ঘর উদ্বোধন আর চরকায় সুতা কাটার মধ্য দিয়ে দুদিনব্যাপী পার্বত্যাঞ্চলে বৌদ্ধ ধর্মাবলন্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব ৫০তম দানোত্তম কঠিন চীবর দান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকাল মঙ্গল সূত্রপাঠ করে বেইন ঘর উদ্বোধন করবেন মহাপরিনির্বাণগত মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের শিষ্য ও রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। এ সময় চরকায় সুতা কেটে চীবর বুননের আনুষ্ঠানিকতা শুরু করেন চাকমা রাজ পরিবারের বয়োজ্যেষ্ঠ অধ্যাপক কুমার সমিত রায়ের সমধর্মিনী জয়তি রায়।
শুক্রবার (২০ নভেম্বর) বিকালে ভিক্ষু সংঘের কাছে ২৪ ঘন্টায় তৈরীকৃত চীবর রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় প্রয়াত পার্বত্য ধর্মীয় গুরু বনভন্তে স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গের মাধ্যমে শেষ হবে ৫০ তম দানোত্তম কঠিন চীবর দান।
উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। পরে আবাসিক ভান্তেরা বেইনঘর প্রদক্ষিণ করেন এবং চীবর বুননে অংশ নেয়া পুণ্যার্থীদের আশীর্বাদ করেন।
এ সময় রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির বলেন, রাজবন বিহারের ৫০ তম শুভ কঠিনচীবর দানানুষ্ঠানে পূর্ণার্থীদের যে পূণর্ সঞ্জয় হবে সেই পূর্ণ্যরে ফলে বাংলাদেশ ও পৃথিবীর শান্তি প্রার্থনা করা হবে। তিনি বলেন, এই উৎসব পাহাড়ের বৌদ্ধ ধর্মাবলম্বী নয় প্রতিটি ধর্মীয় জাতি গোষ্ঠীর প্রাণের উৎসব হয়েছে। আমরা এই উৎসেরব মাধ্যমে সকলের মঙ্গল কামনা করি।

শুক্রবার ২০ নভেম্বর সকালে মুল অনুষ্ঠানের আগে প্রথমপর্বে সংঘদান, অষ্ট পরিষ্কার দান, সদ্ধর্ম দেশনা ও ভিক্ষু সংঘকে পিন্ডদানের পর দুপুরে কঠিন চীবর ও কল্পতরু শোভাযাত্রা শুরু হবে। বেইন ঘর থেকে কঠিন চীবর ও কল্পতরু শোভাযাত্রা শুরু করে বিহার এলাকা প্রদক্ষিণ করে রাজবন বিশ্বশান্তি প্যাগোডার পাশে বড় মাঠে অনুষ্ঠান মঞ্চে নিয়ে আসা হবে।
অনুষ্ঠানে কঠিন চীবরটির সঙ্গে বুদ্ধমুর্তি দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান, রাজবন বিশ্বশান্তি প্যাগোডা নির্মাণে টাকাসহ বিভিন্ন দানীয় সামগ্রী দান করবেন পুণ্যার্থীরা। এছাড়া থাকবে ভিক্ষুসংঘের সদ্ধর্ম দেশনা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিদের ধর্মীয় ভাষণ।
বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় গেরুয়া কাপড়কে বলা হয় চীবর। প্রাচীন পূর্ণবর্তী নারী বিশাখা প্রবর্তিত নিয়ম ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে চরকায় সূতা কেটে, সুতা রং করে আগুনে শুকিয়ে সেই সুতায় তাঁতে কাপড় বুনে চীবর তৈরী করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয় বলে এর নাম কঠিন চীবর দান বলা হয়।
পার্বত্য এলাকার বৌদ্ধরা দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন করে প্রাচীন নিয়মে। প্রাচীন নিয়ম মতে, ২৪ ঘন্টার মধ্যে চীবর তৈরী করে বৌদ্ধ ভিক্ষুদের উৎসর্গ করা হয়। বিশ্বের আর কোথাও এ নিয়মের প্রচলন নেই। তাই ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা কঠিন চীবর দানে অংশগ্রহণ করতে দেশি-বিদেশি, দূর-দূরান্ত থেকে হাজার হাজার পূণার্থী এই এই উৎসবে সমবেত হন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই অনুষ্ঠান ঘিরে উৎসব মুখর হয়ে উঠেছে রাজবন বিহারের পুরো এলাকাসহ গোটা রাঙ্গামাটি শহর। উৎসবে যোগ দিতে রাজবন বিহারে বৃহস্পতিবার থেকে অগণিত পূণ্যার্থীর ঢল নেমেছে। পূর্ণ্যময় অনুষ্ঠানে যোগ দিতে সড়ক ও নৌপথে তিন পার্বত্য জেলার বিভিন্ন পাহাড়ী গ্রাম ও জনপদ থেকে হাজার হাজার সদ্ধর্মপ্রাণ নারী-পুরুষ সমবেত হচ্ছে। এছাড়া দেশ-বিদেশ থেকে অসংখ্য পূণ্যার্থী ও দর্শনার্থীদের আগমন ঘটছে।
উৎসব ঘিরে রাজবন বিহার পুরো এলাকায় বসছে মেলা। ধর্মীয় কীর্তন, নাটক, চরকায় সুতা কাটা, বেইন বোনা, কল্পতরু শোভাযাত্রাসহ চলছে বর্ণাঢ্য নানা আয়োজন।
বৌদ্ধ শাস্ত্র মতে, দীর্ঘ আড়াই হাজার বছর পূর্বে গৌতম বুদ্ধের শিষ্য বিশাখা ২৪ ঘন্টার মধ্যে চীবর তৈরীর প্রচলন করেছিলেন। প্রতি বছর আষাড়ী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত তিনমাস বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাস শেষে বৌদ্ধ ভিক্ষুদের চীবর দান করতে হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৩ সাল থেকে বুদ্ধের শিষ্য বিশাখা প্রবর্তিত নিয়মে রাঙ্গামাটি রাজবন বিহারে ৫০ বছর ধরে কঠিন চীবর দান উৎসব উদযাপিত হয়ে আসছে।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, জগতে যত প্রকার দান রয়েছে তার মধ্যে এ চীবর দানই হচ্ছে সর্বোত্তম দান।
বৃহস্পতিবার চরকায় সুতা কেটে চীবর প্রস্তুতের কাজ সুচনা করা হয়। রাজবন বিহারের বিশাল এলাকা জুড়ে অর্ধশতাধিক চরকা ও ২০৫ বেইন স্থাপন করা হয়েছে। প্রায় প্রায় ১ হাজার মহিলা এই চীবর তৈরীর কাজে অংশ নেয়। উৎসবকে নির্বিঘ্নে করতে আইন-শৃংখলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। প্রায় ৬ শতাধিক পুলিশ সদস্য বিহারের ভিতরে এবং বাইরে নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে।
শুক্রবার রাতে রাজবন বিহারে ফানুষ উড়িয়ে শেষ হবে রাজবন বিহারে বৌদ্ধ ধর্মাবলন্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম কঠিন চীবর দান উৎসব।
বিভি/এআই













মন্তব্য করুন: