বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, গুরুতর আহত নারী আরোহী
রাজবাড়ীর গোয়ালন্দে জননী পরিবহন নামের একটি বাসের ধাক্কায় সজল শেখ (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিংকি নামে এক নারী আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজল শেখ ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আরোকান্দি গ্রামের সাজাহান শেখের ছেলে। আহত নারী আরোহী পিংকি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকার ইয়াকুব আলী মোল্লার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা জননী পরিবহনের একটি বাস দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে চালক সজল ও অপর আরোহী পিংকি সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পিংকির অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, চাচিকে আনতে গোয়ালন্দ থেকে দৌলতদিয়ায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন সজল।
আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। নিহত সজলের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিভি/রাজবাড়ী/পিএইচ













মন্তব্য করুন: