• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে চাকরি গেল ২ পুলিশ কর্মকর্তার

প্রকাশিত: ১৩:৩৫, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:৩৬, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে চাকরি গেল ২ পুলিশ কর্মকর্তার

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার এবং সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার।

বুধবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন দুটি প্রকাশ করে মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. তারেক সেকান্দার বর্তমানে রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী, তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্ত থাকাকালে তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হবে। এ সময় বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।

অন্যদিকে, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বর্তমানে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন। এর আগে তিনি রাজবাড়ীর পাংশা সার্কেলের সার্কেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে গত ১৮ আগস্ট বিভাগীয় মামলা করা হয়।

ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি পুলিশ সদর দপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত