বিএনপি নেতাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি, শরীরে বিদ্ধ ৩টি
খুলনার তেরখাদায় বাড়ি ফেরার পথে মাফিক সরদার (৪০) নামে বিএনপির এক নেতাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে তিনটি গুলি তার কোমর, হাত ও পায়ে বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাফিক সরদার ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে দুটি মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন অস্ত্রধারী দুর্বৃত্ত তার পথরোধ করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। এতে তিনটি গুলি তার শরীরে লাগে।
আহত মাফিক সরদার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে। তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য।
মাফিকের ভাই জানান, হামলার পর স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পেরেছেন, দুর্বৃত্তরা মোকামপুর বাজারের ওপর দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আহতের স্বজনেরা জানান, মাফিক দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে কী কারণে তার ওপর এ হামলা হয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস বলেন, গুলির ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য তার কাছে নেই। ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: