ভাঙা ঘরে বসবাস, তবু কুড়িয়ে পাওয়া ৩ ভরি সোনা ফেরত দিলেন আমির
সুনামগঞ্জ পৌর শহরে কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন আমির উদ্দিন (৩৫) নামে এক চানাচুর বিক্রেতা। প্রায় চার ঘণ্টা খোঁজাখুঁজির পর স্বর্ণালংকারের মালিকের সন্ধান পেয়ে পুলিশের উপস্থিতিতে ব্যাগটি ফিরিয়ে দেন তিনি। তার সততায় মুগ্ধ হয়ে পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকা দিয়েছেন মালিক সজল তালুকদার।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের আলফাত স্কয়ার এলাকায় ভ্যানগাড়িতে চানাচুর বিক্রির সময় নিজের গাড়ির চাকার কাছে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন আমির উদ্দিন। ব্যাগটি তুলে খুলে দেখেন, ভেতরে রয়েছে প্রায় তিন ভরি স্বর্ণালংকার। পরে ব্যাগটির মালিকের সন্ধান শুরু করেন তিনি।
সজল তালুকদার জানান, শহরের আবুল হোসেন রোডে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকেন তিনি। রবিবার বিকেলে তার স্ত্রী স্বর্ণের এক জোড়া চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের একটি দোকানে যান। সঙ্গে ছিলেন সজল ও তাদের দুই সন্তান। কাজ শেষে তারা আলফাত স্কয়ার হয়ে রিকশায় বাসায় ফেরেন। বাসার সামনে নেমে তারা বুঝতে পারেন, স্ত্রীর হাতব্যাগটি রিকশায় ফেলে এসেছেন।
এরপর দুই বন্ধুকে নিয়ে থানায় গিয়ে বিষয়টি জানান সজল। পাশাপাশি ব্যাগটির খোঁজও করতে থাকেন। একপর্যায়ে হতাশ হয়ে বাসায় ফিরে যান তিনি। এদিকে তার বন্ধুরা অন্য একটি রিকশায় বাড়ি ফেরার পথে স্বর্ণালংকার হারানোর বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। তাদের রিকশাচালক আবু সাইদ জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়েছেন এবং সেটির মালিককে খুঁজছেন। পরে বন্ধুরা সজলকে খবর দিয়ে আমির উদ্দিনের কাছে যান।
আমির উদ্দিন জানান, ব্যাগটি পাওয়ার সময় রিকশাচালক আবু সাইদ কাছেই ছিলেন। স্বর্ণালংকার দেখে ভয় পেয়ে যান তিনি। নিরাপত্তার কথা ভেবে ছেলেকে দিয়ে সেগুলো বাড়িতে পাঠিয়ে রাখেন।
তিনি বলেন, ‘সোনা দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম। পরে ছেলেরে দিয়া ঘরও পাঠাইছি সাবধানে রাখবার লাগি। আমার দোকানও রাখা নিরাপদ না, তিনবার দোকান চুরি অইছে।’
শহরের পশ্চিমবাজার এলাকার বাসিন্দা আমির উদ্দিন জানান, ভাঙাচোরা একটি ভাড়া ঘরে পরিবার নিয়ে থাকেন তিনি। নিজের কোনো ঘরবাড়িও নেই। স্বর্ণালংকারগুলো রেখে দেওয়ার সুযোগ থাকলেও তা করেননি। তার ভাষায়, ‘ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।’
রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ ব্যাগটি সজল তালুকদারের হাতে তুলে দেন আমির উদ্দিন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, বিষয়টি থানায় জানানোর পর সজল তালুকদারের সঙ্গে লোক পাঠিয়ে ব্যাগটির খোঁজ করা হয়। পরে তারা আমির উদ্দিনকে নিয়ে থানায় আসেন। তার সততার কারণেই স্বর্ণালংকারগুলো ফেরত পাওয়া গেছে।
আমির উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সজল তালুকদার বলেন, ‘আমরা তিনটা মানুষ চার ঘণ্টা ব্যাগটা খুঁজছি। আমির উদ্দিন লোকটারে সরল মনে অইছে। টাকা নিতে চায়নি, জোর করে দিছি। আমার কাছে তখন এই টাকাই ছিল।’
বিভি/এজেড













মন্তব্য করুন: