• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসবের আনুষ্ঠানিকতা

প্রকাশিত: ১১:৪৮, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৩৫, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসবের আনুষ্ঠানিকতা

জাগতিক সকল পাপ মোচনের আশায় গঙ্গাস্নান বা পূন্যস্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে  সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে এ গঙ্গাস্নান সম্পন্ন করেন সনাতনীরা। 

স্নানের আগে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, দুর্বা, হরিতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন হিন্দু ধর্মালম্বী নারীরা। অনেকে পূর্ব পুরুষদের স্মরণে ও মানত পূরনের আশায় মাথা ন্যাড়াসহ পিন্ড দান করেন। এসময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত। পরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন ভক্তরা। এর আগে রাতভর চলে ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা কীর্ত্তন ও পূর্জাচনা। ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে কুয়াকাটায় রাস উৎসব শেষ হলেও কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে এ উৎসব চলবে তিন দিন। আগতদের নিরাপত্তায় থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।

সনাতনীদের বিশ্বাস, মানবতা রক্ষায় দ্বাপর যুগে কংস রাজাকে বধ করে পূর্ণিমা তিথিতে ঘটে রাধা-কৃষ্ণের পরম প্রেম। সেই থেকেই মূলত রাস উৎসবের প্রচলন। তবে সত্য ও সুন্দরের জয়ের আকাঙ্ক্ষায় প্রায় আড়াইশ বছর ধরে কার্তিকের পূর্নিমা তিথিতে কুয়াকাটায় রাস উৎসব উদযাপন করে আসছেন সনাতন ধর্মালম্বীরা।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: