• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৮, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৩৮, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি জোরদার করা হয়েছে বিজিবি টহল ও গোয়েন্দা নজরদারি। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরনের অবৈধ গমনাগমন বা প্রতিপক্ষের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর অংশ হিসেবে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবির অধিনায়ক লে. কর্ণেল কাজী আশিকুর রহমান। সীমান্তের অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলোতে সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। 

তিনি আরও জানান, যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিওপিসহ ব্যাটালিয়নের সকল জনবলকে প্রস্তুত রাখা হয়েছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: