ভারতে ভুল মামলায় জড়িয়ে ১৮ বছর কারাগারে, অবশেষে বাড়ি ফিরছেন বাদল
ভারতে নামের ভুলে হত্যা মামলায় জড়িয়ে দীর্ঘ ১৮ বছর কাটাতে হয়েছে দুই দেশের কারাগারে। দীর্ঘ বন্দিজীবনের পর চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন মোংলার বাদল ফরাজী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে কাশিমপুর কারাগার থেকে তাকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়। সেখান থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পুলিশি প্রহরায় তাকে রাত ৯টায় মোংলা থানায় নেওয়া হয়। সেখানে বাদলের সাথে তার মা, দুইবোন ও দুই ভাই রয়েছেন। এর আগে রাত সাড়ে ৮টায় মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বাদল ফরাজীর কুমারখালি বাড়ি পরিদর্শন করেন।
বাদলের ভাই সুমন ফরাজি মুঠোফোনে জানান, মোংলায় থানায় তারা অবস্থান করছেন। প্রয়োজনীয় নিয়ম কানুন শেষে প্রশাসনের নির্দেশনা মেনে তারা ভাইকে বাড়িতে নেবেন। তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কেউ কথা বলেননি।
বাদল ফরাজী মোংলা পৌরসভার কুমারখালী এলাকার বাসিন্দা। ২০০৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় পর্যটক ভিসায় ভারতের আগ্রার তাজমহল দেখতে যান তিনি। বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর একটি হত্যা মামলায় নামের মিল থাকায় তাকে আটক করা হয়। ওই মামলার আসামি ছিলেন বাদল সিং নামের এক ব্যক্তি। নামের মিলের কারণে নির্দোষ বাদল ফরাজীকে ভুলভাবে মামলায় জড়ানো হয়েছে বলে তার পরিবার ও স্থানীয়দের অভিযোগ। পরে ভারতীয় আদালতে সাজা পেয়ে দেশটির কারাগারে ১০ বছর কাটান তিনি। বন্দি স্থানান্তর চুক্তির আওতায় দেশে ফেরার পর বাংলাদেশের কারাগারেও আরও আট বছর বন্দিজীবন কাটাতে হয় তাকে।
বিভি/টিটি













মন্তব্য করুন: