• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ছোবল খেয়ে সাপ নিয়েই হাসপাতালে হাজির কিশোর!

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ১২:২১, ২৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৩৬, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ছোবল খেয়ে সাপ নিয়েই হাসপাতালে হাজির কিশোর!

রাজবাড়ীর কালুখালীতে খাবারের হোটেলে বসে থাকা অবস্থায় সাপের ছোবলে জীবন শেখ (১৪) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে। পরে সাপটি মেরে সঙ্গে নিয়েই তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে হাজির হন স্বজনরা। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, সাপটি গোখরার বাচ্চা হতে পারে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর এলাকার একটি খাবারের হোটেলে এ ঘটনা ঘটে।

আহত জীবন শেখ ওই এলাকার আকমত শেখের ছেলে। সে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

জীবন জানায়, বাড়ি থেকে বাজারে গিয়ে একটি খাবারের হোটেলে বসেছিল সে। এ সময় টেবিলের নিচ থেকে একটি সাপ তার পায়ে কামড় দেয়। এরপর পায়ে প্রচণ্ড জ্বালাপোড়া শুরু হলে বিষয়টি স্বজনদের জানায়। পরে তারা সাপটি মেরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসেন।

জীবনের ফুফা আজম শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, সাপে কেটেছে জীবনকে। পরে সাপটি মেরে গাড়ির ব্যবস্থা করে তাকে হাসপাতালে নিয়ে আসেন।

সাপটি হাসপাতালে নিয়ে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, কোন প্রজাতির সাপ কামড় দিয়েছে, তা শনাক্ত করতে চিকিৎসকদের সুবিধার জন্যই সেটি সঙ্গে নিয়ে এসেছেন তারা।

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের সহকারী সার্জন ডা. মিঠুন সূত্রধর বলেন, সাপটি দেখে প্রাথমিকভাবে গোখরার বাচ্চা বলে মনে হয়েছে। তবে শতভাগ নিশ্চিত হওয়া যাচ্ছে না। কিশোরের শরীরে এখন পর্যন্ত বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখা যায়নি। কামড়ের স্থানেও তেমন কোনো ক্ষতি হয়নি। তাকে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণত সাপে কাটার পর রোগীকে অন্তত ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এ সময়ের মধ্যে বিষক্রিয়ার কোনো লক্ষণ দেখা দিলে অ্যান্টিভেনম প্রয়োগ করা হবে। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে এবং প্রয়োজন হলে তা প্রয়োগের প্রস্তুতিও আছে।

বিভি/রাজবাড়ী/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত